২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় নিহত ৫

সাতক্ষীরার কলারোয়ায় বাস দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 04:12 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সাতক্ষীরা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়ায় বাস দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক। মঙ্গলবার রাতে কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনা কবলিত রোজিনা পরিবহনের বাসটি সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলো। নিহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঘোনা মাগরি গ্রামের মোহর আলীর ছেলে বেল্লাল হোসেন (২৮), একই উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামের কিশরী মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (৩২), কুশলিয়া গ্রামের বাকের আলী মোড়লের ছেলে জসিম মোড়ল (৩৫), একই গ্রামের কাজী বদর উদ্দীনের মেয়ে মেহেরুন নেছা সাথী (১৬) ও একই উপজেলার পারুলগাছা গ্রামের বিধু মণ্ডলের ছেলে মহানন্দ (৩২)। কলারোয়া থানার পরিদর্শক ওবায়দুল হক সাংবাদিকদের বলেন, বাসটি হেলাতলা সেতুর কাছে পৌঁছলে এর সামনের এক পাশের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এটি তখন সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগায়। স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সাথী মারা যান। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে বাকি চার জনের মৃত্যু হয় বলে ওসি জানান। এদের মধ্যে ১০/১২ জন সহ ৬-৭ বছরের একটি শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহতদের অধিকাংশের বাড়ি কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ আটক করলেও চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬০০ ঘ.