২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূস সম্মানজনক সমাধানের সুযোগ নষ্ট করেছেন'

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ ছাড়ার বিষয়টি সম্মানজনকভাবে সমাধানের সুযোগ ড. মুহাম্মদ ইউনূস নিজেই 'নষ্ট' করেছেন বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:36 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ ছাড়ার বিষয়টি সম্মানজনকভাবে সমাধানের সুযোগ ড. মুহাম্মদ ইউনূস নিজেই 'নষ্ট' করেছেন বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "বিষয়টি আদালত পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকার চেয়েছিল সম্মানজনকভাবেই এর সমাধান করতে। কিন্তু ড. ইউনূস নিজেই এ সুযোগ নষ্ট করেছেন। বিষয়টিকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া তার ঠিক হয়নি। এটা দুঃখজনক।" "আদালত ন্যায় বিচারের পক্ষে রায় দিয়েছেন।" রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকালে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণে বুধবার আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরদিন ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস। একইদিন গ্রামীণ ব্যাংকের ১২ পরিচালকের নয়জন আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও কেন্দ্রীয় ব্যাংকের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। তিনদিন শুনানি শেষে মঙ্গলবার রিট আবেদন দুটি খারিজ করে হাইকোর্ট। আদালতের আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা লঙ্ঘন করে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। আশরাফ বলেন, "আদালত এখনো পূর্ণাঙ্গ রায় দেয়নি। পূর্ণাঙ্গ রায় পেলে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে।" আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী।" সৈয়দ আশরাফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি, আব্দুল মান্নান খান, আ হ ম মুস্তফা কামাল, হাবিবুর রহমান সিরাজ, আহমদ হোসেন, মিসবাহ্ উদ্দিন সিরাজ, মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০১৫ ঘ.