২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে র‌্যাব-মাদক ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১১

গাজীপুরের টঙ্গীর আমতলীর এলাকায় সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে র‌্যাব ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

গাজীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর আমতলীর এলাকায় সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে র‌্যাব ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার র‌্যাব সদস্য ও সাত মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পরে র‌্যব সদস্যরা ছোরা ও ফেন্সিডিলসহ পাঁজনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে একজনকে টঙ্গী এবং ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। র‌্যাব সদস্যদের টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার হয়েছেন- সাগর সিকদার (২২), সবুজ ইসলাম (২২), মোসাৎ অভিরন (১৮), মোর্শেদা বেগম (১৬) ও জাহানারা বেগম (৫০)। এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী থানায় মাদক, মারামারি ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম বলেন, রাত ৯টার দিকে র‌্যাবের একটি দল আমতলীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করে। ফিরে আসার সময় আমতলী মার্কেটের সামনে মিজান, রাশি ও রহিমাসহ একদল মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে জামালকে ছিনিয়ে নেয়। হামলায় র‌্যবের উপ-পরিচালক ক্যাপ্টেন সুহেল, র‌্যাব সদস্য জামালুর হোসেন, রঘু নাথ বিশ্বাস ও আ. রহমান আহত হন। হামলার সময় র‌্যাব রাবার বুলেট ছুড়লে মাদক ব্যবসায়ী নাসিমা (৪৫), নার্গিস (৪০), মাসুদ মিয়া (১৬), বকুল মিয়া (৪৫), শেফালী (৩৫), মোর্শেদা (১৮) ও জাহানারা (৫৫) আহত হন। টঙ্গী হাসপাতালে নেওয়ার পর শেফালীকে রেখে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে র‌্যাবের অপর একটি দল আমতলীর বস্তিতে আবার অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি ছোরা উদ্ধার এবং পাঁচ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। ওসি আরো বলেন, এ ব্যাপারে মাদক ব্যবসায়ী জামাল ও কাসেম মল্লিকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০/২৫ জনকে আসামি করে র‌্যাব থানায় মাদক, মারামারি ও অস্ত্র আইনে তিনটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.