২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনা হত্যা: পুলিশের ২ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়ায় শিকার হয়ে হেনা আক্তার নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

শরীয়তপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়ায় শিকার হয়ে হেনা আক্তার নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ দুই কর্মকর্তা হলেন- নড়িয়া থানার পরিদর্শক মীর্জা এ কে আজাদ ও উপ-পরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা। তারা দুজন যথাক্রমে মামলার এজাহার নথিভুক্ত এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিন সদস্যের কমিটিকে বুধবার প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার থেকে দুই সহকারী পুলিশ সুপার ও একজন পরিদর্শককে নিয়ে গঠিত কমিটি তদন্ত শুরু করেছে। মঙ্গলবার তারা হেনার বাড়ি পরিদর্শন করেন। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুজনের কাজে কোনো গাফিলতি ছিলো কি না তা তদন্ত করে ৯ মার্চের মধ্যে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এ জন্য তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তালেবুর রহমান, সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাত খান, পুলিশ পরিদর্শক গোয়েন্দা শাখা (ডিবি) মতিউর রহমান। গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর ৩১ জানুয়ারি মারা যান হেনা আক্তার (১৪)। হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের 'পরকিয়া সম্পর্কের' অভিযোগে ওই সালিশ বসায় মাহবুবের স্ত্রী ও আত্মীয়রা। হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খাঁ নড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে নড়িয়া থানায় দ্বিতীয় মামলাটি করেন হেনার মা আকলিমা আক্তার। দুটি মামলাতেই ১৮ জনকে আসামি করা হয়। এদের ৭ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ মামলা দুটির তদন্ত করছে। সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ পর্যন্ত সাত আসামির ছয়জনই জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শুধু স্থানীয় মাঝিবাড়ি মসজিদের ইমাম মফিজুর রহমান কোনো স্বীকারোক্তি দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/১৭২৬ ঘ.