ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূস দুটি জাতীয় দৈনিকের সম্পাদককে নিয়ে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তবে তিনি ওই দুই পত্রিকা বা সেগুলোর সম্পাদকের নাম বলেননি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, ওই দুই সম্পাদকের মধ্যে এক জনকে দলের সাধারণ সম্পাদক করতে চেয়েছিলেন। আর অন্যজনকে দিয়েছিলেন দল গোছানোর দায়িত্ব।
আওয়ামী লীগ আয়োজিত ওই আলোচনা সভায় প্রধামন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ফেব্র"য়ারিতে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ড. ইউনূস। তার দলের নাম ঠিক হয়েছিলো 'নাগরিক শক্তি'। সে সময় জাতীয় নির্বাচনে ৩০০টি আসনেই দল থেকে প্রার্থী দেওয়ারও ঘোষণা দেন তিনি। অবশ্য কয়েক মাস যেতে না যেতেই তিনি দল গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।
আশরাফ বলেন, "ইউনুস সাহেব রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। তিনি সারা দেশ থেকে ৮০ জনকে নিয়ে এই দল গঠন করতে চেয়েছিলেন। কিন্তু ৭৯ জনই রাজি হননি। এরপরই তিনি দল গঠন না করার ঘোষণা দেন। একটি জাতীয় দৈনিকের সম্পাদক ইউনূস সাহেবের দলের সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিলো।"
মুহাম্মদ ইউনূস দল গঠনের ঘোষণা দেওয়ার পর বিদেশ সফরের আগে দেশের আরেকটি জাতীয় দৈনিকের সম্পাদককে ৮০ জনের নামের তালিকা দিয়েছিলেন- এ দাবি করে সৈয়দ আশরাফ বলেন, ইউনূস আশা করেছিলেন তালিকার সবাই তার সঙ্গে দল গঠনে কাজ করবেন। এ জন্য তিনি ওই সম্পাদককে ৮০ জনের সঙ্গে কথা চালিয়ে যেতে বলেন। পরে ওই সম্পাদক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছিলেন ৮০ জনের মধ্যে ৭৯ জনই রাজনৈতিক দল গঠনে সম্মত নয়।
"আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলি। আমি তথ্য প্রমাণ নিয়েই কথা বলছি। ৮০ জনের নামের তালিকা আমাদের কাছে আছে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/২১১৯ ঘ.
bdnews24