সাভার, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে আতিকুর রহমানের (২৮) লাশ উদ্ধার করা হয়। তিনি সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার বাসিন্দা।
আতিককে নিয়ে গত এক সপ্তাহে সাভারে চার জন খুন হলেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে আতিক বাসা থেকে বেরিয়ে যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
ব্যবসায়িক বিরোধের জের ধরে আতিককে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ফরিদ জানান, লাশের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা ও হত্যাকারীদের এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।
সাভারে গত ৫ মার্চ শিবলী আক্তার (২০) নামে এক নারী, ৪ মার্চ তিতাস গ্যাস কোম্পানির ঠিকাদার রাশেদ মিলন ওরফে কাশেম (২৭), ২ মার্চ তানিয়া আক্তার (২৪) নামে অন্য এক নারীর লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৪০ ঘ.
bdnews24