২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দফা দাবিতে কুড়িগ্রামে আলু চাষীদের মানববন্ধন

আলুর কম দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও ৫ দফা দাবিতে কুড়িগ্রামে চাষীরা মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

কুড়িগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর কম দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও ৫ দফা দাবিতে কুড়িগ্রামে চাষীরা মানববন্ধন করেছে। রোববার সকালে আলু চাষী কল্যাণ সমিতির উদ্যোগে নতুন রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ হয়। এর আগে তারা এ ব্যাপারে প্রতিকার চেয়ে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বস্তা প্রতি ১৮০ টাকা, সরাসরি চাষীদের কাছ থেকে আলু হিমাগারে সংরক্ষণ, স্বল্প সুদে কৃষি ঋণ প্রদান, সরকারিভাবে আলু ক্রয় করে ওএমএস, ভিজিডি ও ভিজিএফ এর মাধ্যমে বিতরণ এবং আলু রপ্তানির ব্যবস্থা করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে আলু চাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম বকসীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক, চিনু মণ্ডল, নুরুল ইসলাম, ইয়াকুব সরদার, সফিকুল ইসলাম ও ছিনাই ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু। উমর ফারুক অভিযোগ করেন, জেলায় এ হক হিমাগার এবং বাবর কোল্ড স্টোরেজ নামের দুটি হিমাগারে আলু ধারণ ক্ষমতা ২২ হাজার মেট্রিক টন। এরমধ্যে এ হক হিমাগারে ১২ হাজার মেট্রিক টন এবং বাবর কোল্ড স্টোরেজে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা রয়েছে। হিমাগার দুটি এখনো খোলা হয়নি। অথচ বুকিং শেষ হয়ে গেছে। নির্দিষ্ট কিছু এজেন্ট ও বড় উৎপাদনকারীর নামে এই বুকিং করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুতের মূল্য ও ভ্যাট বৃদ্ধির কথা বলে প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। চাষীদের হিমাগারে আলু সংরক্ষণ করতে হলে এজেন্টদেরকে বস্তা প্রতি অতিরিক্ত ২০ টাকা কমিশন দিতে হবে। অথচ এখন প্রতি বস্তা আলুর দাম গ্রাণুলা জাত ৩০০ টাকা এবং কার্ডিনালসহ অন্যান্য জাত ৪৫০ টাকা। কৃষি বিভাগের হিসাব মতে এবার জেলায় ৭ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আনুমানিক ১ লাখ ২২ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। অন্যান্যবার আলু কিনতে বিভিন্ন এলাকা থেকে পাইকার-মহাজনরা এই এলাকায় আসতো। এবার তারা না আসায় আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। এতে আলুর দামেও নেমেছে ধস। এ হক হিমাগারের মালিক পনির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হিমাগারে ১ লাখ ৪০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা যায়। তারা কুড়িগ্রাম, রংপুর, সুন্দরগঞ্জ ও গঙ্গাচড়া এলাকার শতাধিক বড় উৎপাদকের কাছে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার বস্তা আলু সংরক্ষণের বুকিং নিয়েছেন। এছাড়া প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ২৭৫ টাকা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/ ১৬২০ ঘ.