২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী হত্যাকাণ্ডের বিচার হয়নি এক যুগেও

উদীচীর সম্মেলনে বোমা হামলার ১২ বছরেও বিচারের মুখোমুখি করা যায়নি ঘাতকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

যশোর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদীচীর সম্মেলনে বোমা হামলার ১২ বছরেও বিচারের মুখোমুখি করা যায়নি ঘাতকদের। হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত ও অভিযোগপত্র নিয়ে প্রশ্ন ওঠায় তার পুনঃবিচারের জন্য হাইকোর্টে আবেদন করেছে সরকার। ১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলায় সংস্কৃতিকর্মীসহ ১০ জন নিহত এবং কয়েকশ লোক আহত হয়। বোমা হামলায় নিহতদের স্বজন ও আহতদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দিনব্যাপী কর্মসূচি নিয়েছে উদীচী যশোর জেলা সংসদ। যশোর উদীচীর সাধারণ সম্পাদক শহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় বিষ্ফোরক আইনে এবং হত্যা কান্ডের দায়ে মোট দুটি মামলা হয়। এতে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। পরে সিআইডির যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দীন আকন্দ তদন্ত শেষে ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর দুটি মামলায় বিএনপি নেতা তরিকুল ইসলামসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে তরিকুল উচ্চ আদালতে আবেদন করে অভিযোগ থেকে অব্যাহতি পান। ২০০৬ সালের ২৮ জুন দুই মামলায় রায়ে সব আসামিকে খালাস দেয় বিচারিক আদালত। সেই সঙ্গে দায়সারা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেয় আদালত। এরপর মামলার অধিকতর তদন্ত করেন সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান। তিনি ২০০৬ সালের ১৯ নভেম্বর এ মামলায় আটক হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সিআইডি জানায়, মুফতি হান্নান উদীচী বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মুন্সি আতিকুর অবসর নেওয়ার পর কয়েকদফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাইয়ুম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মামলাটির পুনঃ বিচারের জন্য সরকার হাইকোর্টে আপিল করেছে। ফলে বর্ধিত তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। এদিকে যশোরের টাউনহল ময়দানের যে স্থানে বোমা হামলা হয়েছিলো, সেখানেই হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে উদীচী ও যশোর সাংস্কৃতিক জোট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বলে শহীদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৩০ ঘ.