কিশোরগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার গচিহাটা ও মানিকখালী রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার বলেন, সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ৩ নম্বর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি গচিহাটা রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়।
এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও এ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গচিহাটার স্টেশন মাস্টার এমএম মতিন বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। রাত ১২টার মধ্যে উদ্ধার কাজ শেষ হলে যাতায়াত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24