ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ছেড়ে যাওয়া দুই বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।
মৃতরা হলেন- সেলিম চৌধুরী (বাড়ি নোয়াখালী) ও জাহাঙ্গীর আফ্রাদ (বাড়ি নরসিংদী)
এদের কেউই লিবিয়ায় সহিংসতার শিকার হয়ে মারা যাননি বলে নিশ্চিত করেন পররাষ্ট্রসচিব।
শনিবার এক সংবাদ সম্মেলনে সচিব মিজারুল জানান, সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার তিউনিসিয়া সীমান্তের মারা যান। জাহাঙ্গীর মারা যান মিশর সীমান্তে।
জাহাঙ্গীরের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি- এ কথা উল্লেখ করে মিজারুল কায়েস বলেন, "ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।"
তিনি বলেন, দুজনের মৃতদহে যত দ্রুত সম্ভব দেশে পাঠাতে ত্রিপলি ও কায়রোয় বাংলাদেশ মিশকে বলা হয়েছে।
১৫ হাজার বাংলাদেশি তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন এবং এদের সবাইকে ফিরিয়ে আনা হবে বলে জানান সচিব মিজারুল।
"২৬ হাজার তিনশ ৪১ বাংলাদেশিকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বা সরিয়ে নেওয়ার পথে।"
তিনি জানান, লিবিয়ায় বসবাসরত ৬০ হাজার বাংলাদেশির মধ্যে ৩০ হাজার জনকে সরিয়ে নিতে হবে বলে মনে করে মন্ত্রণালয়।
পাঁচজন বাংলাদেশি গ্রীসের অস্থায়ী শিবির ছেড়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, "বিভিন্ন দেশে স্থাপন করা অস্থায়ী শিবির বাংলাদেশিরা ছেড়ে গেলে আগামীতে তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে।"
লিবিয়া থেকে ফেরত আনা বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটের সংখ্যা বাড়াতে সরকার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনকে (আইওএম) অনুরোধ করেছে- জানান মিজারুল কায়েস।
"প্রত্যাবাসন প্রক্রিয়া মসৃণ করতে মিশর, তিউনিসিয়া, গ্রীস ও মাল্টায় আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে।"
"গতরাতে আমাদের খাদ্যবহনকারী কর্মী মিশর সীমান্তে আক্রান্ত হওয়ার পর আমরা নিরাপত্তা নিয়েও ভাবছি," বলেন তিনি।
লিবিয়ার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, সরকার এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24