শেরপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে বাংলাদেশকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, "আমাদের আগের এক অর্থমন্ত্রী বলতেন খাদ্য ঘাটতি থাকা ভালো, তাহলে সাহায্য পাওয়া যাবে। এ নীতি আমরা বিশ্বাস করি না।
"আমরা চাই, দেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ হোক। এজন্য খাদ্য উৎপাদনের প্রতি জোর দেওয়া হয়েছে। ভিক্ষা নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনাদের সহযোগিতা চাই", অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির উদ্দেশে বলেন মতিয়া।
নালিতাবাড়ি উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং আইএফডিসির যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন 'কৃষি উৎপাদনশীলতা ত্বরান্বিতকরণ প্রকল্প (এএপিআই)'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। মরিয়ার্টি ছিলেন বিশেষ অতিথি।
বৃহত্তর ময়মনসিংহ, বরিশাল ও খুলনার অঞ্চলের ১১টি জেলার ৬৮টি উপজেলার কৃষি উন্নয়নে ২ দশমিক ৫০ কোটি ডলার (প্রায় ১৭৫ কোটি টাকা) ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইউএসএআইডি এ প্রকল্পে অর্থায়ন করছে।
প্রকল্পের অধীনে এসব জেলার কৃষকদের গুটি ইউরিয়া উৎপাদন ও প্রয়োগের যন্ত্র তৈরী, সরবরাহ, সম্প্রসারণ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করা হবে।
মার্কিন রাষ্ট্রদূতকে ইঙ্গিত করে মতিয়া বলেন, "গোটা বিশ্বে ধনবাদী সমাজ কায়েম করেছেন, আপনারা লাভ বোঝেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাই লাভ দেখাতে হবে। গুটি ইউরিয়া প্রয়োগ করে কৃষকরা যাতে ফল পায়, সেটা প্রমাণ করতে হবে। বিনা লাভে তুলার বস্তাও বোঝা মনে হয়, আর লাভ দিলে লোহার বোঝাও বোঝা মনে হয় না।"
গুটি ইউরিয়া প্রয়োগের অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
মরিয়ার্টি বলেন, গুটি ইউরিয়া ব্যবহারে মাঠে ৬৭ শতাংশ সারের সাশ্রয় হয়। গুটি ইউরিয়া প্রযুক্তির আওতায় ২০ লাখ মানুষকে আনা গেলে ৪৩০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সাশ্রয় করা যায়। যা সেচযন্ত্র চালানোর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা সম্ভব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সচিব সিকিউকে মোশতাক আহমেদ, আইএফডিসি'র সভাপতি ড. অমিত এইচ রয়, ডিএই'র ভারপ্রাপ্ত মহাপরিচালক দুলাল চন্দ্র সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৭২০ ঘ.
bdnews24