সাভার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে শিবলী আক্তার (২০) নামে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়।
শনিবার ভোরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে মানসিক ভারসাম্যহীন শিবলী সাভারের তালতলার বাসা থেকে বাবা-মায়ের সাথে ঝগড়া করে বেরিয়ে যায়।
শিবলি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে আশুলিয়ার চিত্রশাইল এলাকার আমিরের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়।
রাতে ওই বাড়িতেই শিবলী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শিবলির ঘরে থাকা একটি ব্যাগের মধ্য থেকে পুলিশ পরিবারের মোবাইল নম্বর পেয়ে তাদের সাথে যোগাযোগ করে।
শনিবার সকালে শিবলির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ থানা থেকে নিয়ে গেছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৫ ঘ.
bdnews24