ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তিন বিভাগের ১২ জেলার ৭২ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শনিবার বিকাল ৫টায় শেষ হচ্ছে। এ সব ইউনিয়নে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ভোট হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন বলেছেন, বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূলীয় এসব উপজেলায় ৫৯৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল হলেও সীমানা নিয়ে জটিলতার কারণে ভোলা সদর এবং বরগুনার আমতলী উপজেলার ১০টি ইউনিয়ন পড়েছে।
এছাড়া বিভিন্ন জটিলতায় আরো কয়েকটি ইউনিয়ন নির্বাচনের তালিকা থেকে বাদ পড়তে পারে বলে জানান বাতেন।
গত ২৪ ফেব্র"য়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে রোববার ও সোমবার। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১৩ মাচ থেকে ১৮ মার্চ।
মনোনয়ন প্রত্যাহারের পর নির্বাচনী প্রচারণার সমান সুযোগ বিবেচনায় নিয়ে স্ব স্ব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি ভোটের তারিখ চূড়ান্ত করবে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সময় প্রার্থীরা কোনো ধরনের মিছিল করতে পারবেন না। এক জন প্রার্থী পাঁচ জনের বেশি লোককে সঙ্গেও নিতে পারবেন না।
মনোনয়নপত্র দাখিলের আগে চেয়ারম্যান প্রার্থীকে যে কোনো তফসিলি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। নির্বাচনের পুরো ব্যয় এ অ্যাকাউন্ট থেকেই করতে হবে।
যে ৭২ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে
বরিশাল বিভাগ : বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ; পটুয়াখালী সদর, দুমকি, বাউফল, মির্জাগঞ্জ, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা; পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, জিয়ানগর, ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া; বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী; ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা; ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া।
খুলনা বিভাগ : খুলনার রূপসা, দীঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও ডুমুরিয়া; সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও তালা; বাগেরহাট সদর, ফকিরহাট, মোল্লাহাট, কচুয়া, চিতলমারী, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও শরণখোলা।
চট্টগ্রাম বিভাগ : কক্সবাজারের কুতুবদিয়া, টেকনাফ ও মহেশখালী; লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর; নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলা।
দ্বিতীয় পর্বের তফসিল এপ্রিলে
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইতোমধ্যে জানিয়েছেন, প্রথম দফার পর মে মাস জুড়ে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের বাকিগুলোর নির্বাচন হবে।
দ্বিতীয় পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এপ্রিলের কোনো সময় ঘোষণা করা হবে। নির্বাচনের সময়সূচি মে মাসের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত গড়াতে পারে।
স্বাধীনতা উত্তর দেশে ১৯৭৩ সালে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার অষ্টম ইউপি নির্বাচন হতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৩০ ঘ.
bdnews24