২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অর্থমন্ত্রীর বক্তব্যে প্রকৃত চিত্র নেই'

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসের অপসারণ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ওই বক্তব্যে প্রকৃত অবস্থা প্রতিফলিত হয়নি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ওই বক্তব্যে প্রকৃত অবস্থা প্রতিফলিত হয়নি। শুক্রবার রাতে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইনের পাঠানো এই প্রতিবাদলিপিতে বলা হয়, ইউনূস মনে করেন, তিনি আইনানুগভাবেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে আছেন। প্রতিবাদলিপির সঙ্গে ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে লেখা ড. ইউনূসের একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউনূস নিজে থেকেই ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। এর বদলে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করার জন্য দুটি বিকল্প প্রস্তাব করেছিলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার নোবেল বিজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণের আদেশ দেয়। এর কারণ হিসাবে বলা হয়, শেষ মেয়াদে তার দায়িত্ব নেওয়ার বিষয়টিতে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়া হয়নি। নোবেল বিজয়ী ইউনূসকে অপসারণের খবর সারাবিশ্বে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সরকারি পদক্ষেপের ব্যাখ্যা নিয়ে বৃহস্পতিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। মালিকানা গ্রামীণ ব্যাংক কোনো বেসরকারি সংস্থা (এনজিও) নয়- বৈঠকে অর্থমন্ত্রীর এ বক্তব্য 'পুরোপুরি সঠিক নয়' দাবি করে প্রতিবাদলিপিতে বলা হয়, 'অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকটির মালিকানার ৭৫ শতাংশ গ্রামীণ ব্যাংকের ভূমিহীন সদস্যদের এবং বাকি ২৫ শতাংশ সরকারের। বস্তুত সরকারের প্রদত্ত মূলধনের পরিমাণ মাত্র ৩.৫ শতাংশ।' 'আইনানুগ' প্রতিবাদলিপিতে বলা হয়, অর্থমন্ত্রী বৈঠকে জানান, প্রফেসর ইউনূস বেআইনীভাবে পদ ধরে থাকায় সরকার পরিস্থিতির সংশোধন করার জন্যই এ পদক্ষেপ নিয়েছে। এর জবাবে গ্রামীণ ব্যাংক বলেছে, 'প্রফেসর ইউনূস বরাবরই বলে এসেছেন, তিনি আইন মেনেই চলেন এবং তার মতে আইনানুগভাবেই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন।' বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অর্থমন্ত্রী বৈঠকে বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে গ্রামীণ ব্যাংকের পর্ষদ এমডি নিয়োগ দিতে পারে। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। বাংলাদেশ ব্যাংক ইউনূসকে অপসারণের আদেশ দিয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে যে চিঠি দিয়েছে, তাতেও এ অভিযোগের উল্লেখ রয়েছে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দাবি, 'প্রকৃতপক্ষে অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়েই গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এমডি পদে নিয়োগ দিয়েছেন। এ ক্ষেত্রে অধ্যাদেশের কোনো লংঘন হয়নি।' এতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ১৯৯৯ সালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ নিয়ে আপত্তি তোলে। এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে 'পরিপালন প্রতিবেদন' পাঠায়। ওই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট হয়। এরপর তারা আর এ বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি। 'মসৃণ ট্রনজিশন' কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, "অনেক আগে থেকেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের একটি সম্মানজনক উপায় খুঁজছিলাম। বিষয়টি ড. ইউনূসকে অবহিত করার পর জানালেন, তিনি ছাড়া প্রতিষ্ঠানটি বিপর্যস্ত হয়ে পড়বে।" তার এ বক্তব্যও 'সঠিক নয়' উল্লেখ করে প্রতিবাদলিপিতে দাবি করা হয়, 'বিষয়টি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় শুধু রিভিউ কমিটি প্রসঙ্গে উত্থাপন করেছিলেন। এর আগে কখনো এ প্রসঙ্গটি তার কাছ থেকে আসেনি। রিভিউ কমিটি প্রসঙ্গে তিনি প্রফেসর ইউনূসকে সাময়িকভাবে অব্যাহতি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রফেসর ইউনূস (তাকে) বলেছিলেন যে, এ রকম একটি আকষ্মিক সিদ্ধান্ত নিলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এমন কিছু করা উচিত হবে না যার ফলে গ্রামীণ ব্যাংকের আমানতকারী ও ঋণগ্রহীতাদের মধ্যে শঙ্কা সৃষ্টি হতে পারে।' বরং অধ্যাপক ইউনূস ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নিজে থেকেই সরে যাওয়ার একটি পরিকল্পনা দিয়েছিলেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। ইউনূসের হাতে লেখা ওই চিঠির একটি অনুলিপি প্রতিবাদলিপির সঙ্গে যুক্ত করে দিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। অর্থমন্ত্রীকে 'প্রিয় মোহিত ভাই' সম্বোধন করে ওই চিঠিতে বলা হয়েছে, 'এই ব্যাংকের দ্বিতীয় পর্যায়ে প্রবেশের সময় এসেছে। আমাকে এর পরিচালনার দায়িত্ব থেকে সরে আসতে হবে।...২৬ শে এপ্রিল (২০১০) বর্তমান চেয়ারম্যান (পরিচালনা পর্ষদের) জনাব তবারক হোসেনের মেয়াদ শেষ হবে। একে উপলক্ষ্য করে আমরা ট্রানজিশান প্রক্রিয়া শুরু করতে পারি।' দুটি বিকল্প এই 'ট্রানজিশনের' জন্য ইউনূস তার চিঠিতে দুটি বিকল্পের উল্লেখ করেছিলেন। দুটিতেই শেষ পর্যন্ত ইউনূসকে চেয়ারম্যান এবং উপ ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিবাদলিপিতে বলা হয়, 'তিনি পুরো চিঠিটি পড়ে তাকে (অর্থমন্ত্রীকে) ব্যাখ্যা করে দিয়েছিলেন। মন্ত্রী মহোদয় সেটা পছন্দ করেছিলেন বলে ধারণা দিয়েছিলেন। এরপর প্রতিষ্ঠানটির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে গ্রামীণ ব্যাংক থেকে সুন্দর ও সাবলিলভাবে (অনিশ্চয়তা সৃষ্টি না হয় এমন ভাবে) আনন্দমুখর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করার ব্যাপারে প্রফেসর মুহাম্মদ ইউনূসের আগ্রহের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না।' এতে আরো বলা হয়, ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে চলে যেতে চাইলে গ্রামীণ ব্যাংকের ভেতর থেকে প্রতিরোধ আসাতে পারে ভেবে ইউনূস গোপনে ওই চিঠি অর্থমন্ত্রীকে দিয়েছিলেন। ইউনূস অপেক্ষা করছিলেন, মন্ত্রী এই 'মসৃণ ট্রানজিশন' প্রক্রিয়া শুরু করার পদক্ষেপ নিলে তিনিও গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করবেন। কিন্তু অর্থমন্ত্রী সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেননি বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে। মূল্যায়ন বৈঠকে অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মূল্যায়ন সঠিকভাবে হয়নি বলে যে মন্তব্য করেছেন, তারও প্রতিবাদ জানিয়েছে গ্রামীণ ব্যাংক। তারা বলেছে, 'প্রকৃত পক্ষে গ্রামীণ ব্যাংকই খুব সম্ভবত দেশীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক, এবং নিবিড়ভাবে মূল্যায়িত প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংক, বহু গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ ব্যাংকের ওপর অসংখ্য মূল্যবান গবেষণা হয়েছে এবং তা বই আকারে প্রকাশিত হয়েছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০১৪০ ঘ.