মানিকগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি।
উথলী বাজারে শুক্রবার বিকালে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর ঘিওর ইউনিটের স্টেশন অফিসার বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উথলী বাজারে বিকাল চারটার দিকে আগুন লাগে।
দমকল বাহিনীর ঘিওর ও মানিকগঞ্জের দুটি ইউনিট পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তিনি।
প্রত্যক্ষদর্শী মো. রাজ্জাক জানান, একটি লেপতোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বাজারের সব দোকান বন্ধ ছিল।
এতে দুটি চালের কল, দুটি মোবাইল ফোনের দোকান, সিমেন্টের দোকান, ভুষির দোকান পুড়ে যায়।
শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০১২ ঘ.
bdnews24