২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলা যুবলীগ সভাপতি মাহফুজুল হক শিরিনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নেত্রকোনা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলা যুবলীগ সভাপতি মাহফুজুল হক শিরিনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিজিডির তালিকায় সরকারদলীয় সমর্থকদের নাম অন্তর্ভুক্তি নিয়ে বৃহস্পতিবার মাহফুজের নেতৃত্বে কয়েকজন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাংচুর করে বলে অভিযোগ ওঠে। ওই দিন রাতে ওই দপ্তরের অফিস সহকারী বিনয় কৃষ্ণ কর বাদি হয়ে মাহফুজসহ তিন জনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" এদিকে মাহফুজের মুক্তি দাবিতে শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুর নেতৃত্বে উপজেলা সদরে মিছিল হয়। মিছিলকারীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার মিলুর বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের অভিযোগ, নাসেরের ইঙ্গিতে মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ওমর ফারুক বলেন, "ষড়যন্ত্র করে একটি মহল মাহফুজকে গ্রেপ্তার করিয়েছে।" তবে যুবলীগ নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা নাসের বলেন, "সরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এতে আমার কোনো হাত নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭০০ ঘ.