বাগেরহাট, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট থেকে দলিল জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রচুর জাল দলিল ও সিল উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য।
আটক আব্দুল ওয়াদুদ ওরফে মিন্টু ওরফে পিন্টু (৪৮) বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রাম এবং কোবাত শিকদার (৫০) খুলনার তেরখাদা উপজেলার ধানখালী গ্রামের বাসিন্দা।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী সংবাদ সম্মেলনে জানান, পুলিশ ক্রেতা সেজে কয়েক দিনের চেষ্টায় দুই জালিয়াতকে গ্রেপ্তার করে।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কোবাত জাল দলিল হন্তান্তরের জন্য ফকিরহাট উপজেলার বিশ্বরোডে এলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোবাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে উপজেলার শুভদিয়া গ্রাম থেকে আটক করা হয় আব্দুল ওয়াদুদকে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে খুলনার তেরখাদা উপজেলার সেনের বাজারের একটি ঘর থেকে একশ জাল দলিল ও বিভিন্ন অফিসের পাঁচশ সিলসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
ওয়াদুদ ও কোবাত সংবাদ সম্মেলনে জানান, গত ছয় বছর ধরে তারা দলিল জাল করে আসছে। এ পর্যন্ত এক হাজারেরও বেশি দলিল জাল করেছে তারা। এ সব দলিলের একটি বড় অংশই ব্যবহৃত হয়েছে ব্যাংক ঋণ নেওয়ার কাজে।
এসআই আশরাফ জানান, এ চক্রের জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্ত আব্দুস সবুর শেখ নামের এক ব্যক্তি ফকিরহাট থানায় একটি মামলা করেছেন।
হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে আশরাফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬১৯ ঘ.
bdnews24