ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্লাইট বাতিল হওয়ায় লিবিয়া থেকে নির্ধারিত ৩৪৮ বাংলাদেশির ফেরা হয়নি বৃহস্পতিবার। এদিন ৫২২ জন ফিরবেন বলে জানিয়েছিলো আইওএম।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ভাড়া করা একটি বিমানে ১৭৪ বাংলাদেশি ফেরেন সকাল ১১টায়। এ ছাড়া দুটি বাণিজ্যিক ফ্লাইটে ফেরেন আরো ১২ জন।
আইওএম'র কর্মসূচি কর্মকর্তা আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ৮টার দিকে বলেন, "আজ (বৃহস্পতিবার) আওএম এর ভাড়া করা তিনটি উড়োজাহাজে ১৭৪ জন করে মোট ৫২২ জন আসার কথা ছিলো। তবে দুটি উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি বিমানে ১৭৪ জন এসেছেন। বাকি ১২ জন এসেছেন দুটি বাণিজ্যিক ফ্লাইটে।"
সন্ধ্যা ৭টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার মোট ১১১৪ বাংলাদেশি নাগরিকের ফেরার কথা। এর মধ্যে ৮৬ জনের প্রত্যাবাসনের ব্যবস্থা করে তাদের কোম্পানি।
শুক্রবার আরো ৪৮২ জন ফিরবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে, লিবিয়ায় বিরাজমান পরিস্থিতিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ১ম সচিব (শ্রম) এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের ২য় সচিব তিউনিশিয়া ও লিবিয়া সীমান্তে রয়েছেন বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ০০২১৮-৯১৮৬৩২৪০১ ও ০০২১৬-২৩৮৩৮৩৪৪ ফোন নম্বরে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।
গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিসরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসআই/এএল/পিডি/২১৫০ ঘ.
bdnews24