ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করফাঁকির মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত রোমানা মনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী।
বৃহষ্পতিবার তিনি ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কাদের নেওয়াজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের ৪ ফেব্র"য়ারি এ আদালতের তৎকালীন বিচারক অমর কুমার রায় দণ্ডিত রোমানাকে পলাতক দেখিয়ে এ মামলায় আট বছরের কারাদণ্ড, দুলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করাদণ্ড দেন।
তিনি এ মামলায় বিচারের মুখোমুখি হননি।
২০০৭ সালের ৩০ ডিসেম্বর জাতীয রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী দণ্ডিতের বিরুদ্ধে ৮২ লাখ ৫৫ হাজার ছয়শ টাকার আয়কর গোপন করে এর ওপর ১৮ লাখ ৮০ হাজার পাঁচশ ২৫ টাকার করফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন।
বিচারক দণ্ডিতকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রেখে চিকিৎসার আবেদন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১১০ ঘ.
bdnews24