২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে তরুণদের সহযোগীতার আহ্বান: আইনপ্রতিমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে সহযোগীতা করতে দেশের তরুণ প্রজন্মকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে সহযোগীতা করতে দেশের তরুণ প্রজন্মকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের ভূমিকা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। আওয়ামী শিশু-যুব সাংস্কৃতিক জোটের আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "প্রধান বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নতুন প্রজম্মের সঙ্গে মিথ্যাচার শুরু করেছে। নতুন প্রজম্মের কাছে আহ্বান আপনারা মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে এ বিচার কাজে সহযোগিতা করতে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ নেবে।" বর্তমানে কিছু ভাড়াটে সংস্কৃতিকর্মী এবং বুদ্ধিজীবিরা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তিনি। কামরুল ইসলাম বলেন, "মুক্তিযুদ্ধের সময় সংস্কৃতিকর্মীরা যেভাবে এগিয়ে এসেছিলো তারা এখনো সুন্দর দেশ গঠনে আবার ভূমিকা রাখবে বলে আশা করি।" তিনি মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসী সংস্কৃতিকর্মীদের এ বিচারের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। বিরোধী দলকে সংসদ বর্জনের রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "দেশের উন্নয়নের বিরোধী দল সহ সবাইকে কাজ করা উচিত।" বৈঠকে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএন