২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়ার পাটলি (সাকোয়া) গ্রামে বুধবার প্রথম প্রহরে ছুরিকাঘাতে এক রিকশাচালক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

হবিগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়ার পাটলি (সাকোয়া) গ্রামে বুধবার প্রথম প্রহরে ছুরিকাঘাতে এক রিকশাচালক খুন হয়েছেন। নিহত শাহ আলম (২৬) মুড়ার পাটালি গ্রামের আমির আলীর ছেলে। নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টায় ছুরিকাঘাতে শাহ আলম খুন হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ওই গ্রামের আব্দুল কুদ্দুছ সাগরের বসতঘরের বিছানা থেকে শাহ আলমের লাশ উদ্ধার করে। লাশের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, "যে বাড়িতে শাহ আলম খুন হন, ওই বাড়ির একশ' গজের মধ্যে পুলিশের টহল রয়েছে। এছাড়াও গ্রাম্য পাহারাদাররাও রয়েছেন। কিন্তু খুনের ঘটনার ব্যাপারে পুলিশ, গ্রামবাসী ও পাহারাদার কেউই কিছু বলতে পারছেন না।" তিনি বলেন, তদন্ত করলে কীভাবে শাহ আলম খুন হলেন তা বেরিয়ে আসবে। গ্রামবাসীরা জানায়, ওই গ্রামের বাসিন্দা স্থানীয় করগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাব উদ্দিন শান্তি ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সাগরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ ৫/৬ বছর যাবত বিরোধ চলে আসছে। নিহত রিকশা চালক শাহ আলম (২৬) আব্দুল কুদ্দুছ সাগরের ভাগ্নে। বিরোধের জের ধরে এর আগে ৫/৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ২৯ জানুয়ারী শাহাব উদ্দিন শান্তির ছোট ভাই মইনুল হক (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪৫ ঘ.