শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ভাবিনি, বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবো। ছয় দিন ধরে না খেয়ে ছিলাম, পানিও ছিলো না। শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছিলো। মা আর ছোট ভাইয়ের কথা শুধু মনে পড়ছিলো।"
বুধবার ভোরে লিবিয়া থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নড়াইলেল নাসির ফকির যখন এ কথাগুলো বলছিলেন, তখন তার চোখে ছিলো জল।
ভোর ৪টা ৫ মিনিটে মিশরের কায়রো থেকে বাহরাইন হয়ে গালফ এয়ারলাইন্সের একটি বিমানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরে আসা ৩৬ জনের এক জন নাসির। নয় মাস আগে 'আল মারুফ' নামে একটি কোম্পানিতে কাজ নিয়ে লিবিয়ায় গিয়েছিলেন তিনি।
নাসিরের সঙ্গীরা প্রায় সবাই অভিযোগ করলেন, লিবিয়ায় সংঘাত শুরুর পর তারা সেখানকার বাংলাদেশ মিশনে খবর পাঠিয়েও কোনো সাড়া পাননি।
এক সপ্তাহের বেশি সময় ধরে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে, আর তা শক্ত হাতে দমনের চেষ্টা চালাচ্ছেন উত্তর আফ্রিকার দেশটির শাসনকর্তা মুয়াম্মার গাদ্দাফি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে সংখ্যাটি ৬০ হাজার। সংঘাত শুরুর পর থেকে সেখানে বাংলাদেশিসহ অন্য দেশের কর্মীরা পালানোর পথ খুঁজছেন।
নাসিরের সঙ্গে ফেরত আসা কুমিল্লার আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য দেশের অ্যাম্বাসি (দূতাবাস) থেকে প্রতিনিধি এসে তাদের দেশের আটকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। ওই সব প্রতিনিধিরাও আমাদের অ্যম্বাসির সঙ্গে যোগাযোগ করেছে। তারপরও তারা (বাংলাদেশ দূতাবাস) আসেনি।"
"চরম বিপদে পড়ে আমরা অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করেছিলাম। অ্যাম্বাসি থেকে বলেছে, তাদের কিছু করার নেই। কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা (আটকে পড়া বাংলাদেশি) ক্ষোভও জানিয়েছিলাম। তাতেও কোন লাভ হয়নি", বলেন একই ফ্লাইটে ফেরা মানিকগঞ্জের আরব আলী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ইতোমধ্যে বলেছেন, লিবিয়া থেকে প্রবাসীদের ফেরত আনার প্রস্তুতি থাকলেও সবাইকে এখনি ফিরিয়ে আনার পক্ষপাতি নয় সরকার। লিবিয়ায় সব স্থানে পরিস্থিতি সংঘাতময় নয় বলেও দাবি করেন তিনি।
লিবিয়ার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে নাসির বলেন, বিদ্রোহ গাদ্দাফির বিরুদ্ধে শুরু হলেও এখন গাদ্দাফিবিরোধীদের চেয়ে ছিনতাই ও লুটপাটকারীদের সংখ্যা অনেক বেশি।
"তারা রড, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে এবং বিদেশিদের দেখলেই তাদের ওপর আক্রমণ করছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সবকিছু।"
সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা বেনগাজি শহর থেকে পালিয়ে আসা তোরাব আলী বলেন, "চারদিকে লুটপাট, সন্ত্রাসী হামলা দেখে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ১২০ জন বাংলাদেশি একটি খোলা ট্রাকে করে বেনগাজী থেকে মিশরের সীমান্তে চলে যাই। সেখানে ছয় দিন আমরা খোলা মাঠে ছিলাম। কোনো ধরনের খাবার বা পানীয় পাইনি। সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম।"
অস্থির লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের কারণে আটকে পরা বিদেশিদেরকে লিবীয় সেনাবাহিনী মিশর সীমান্তে সরিয়ে নিচ্ছে। এই ডামাডোলের মধ্যে বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মিশর সীমান্তে কয়েকদিন ধরে আটকা ছিলেন বুধবার ফিরে আসা বাংলাদেশিরা।
জামালপুরের আব্দুল মোতালেব বলেন, "আমরা যখন খোলা ট্রাকে করে বেনগাজী থেকে মিশর সীমান্তে যাচ্ছিলাম, তখন পুুরো রাস্তায় বৃৃষ্টি হয়েছে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পরেছিলো। কিন্তু পরবর্তী ছয় দিনে একটু ঘুমানো তো দূরের কথা সেখানে ঠিক মতো দাঁড়ানোর অবস্থা ছিলো না।"
আইএমও'র আঞ্চলিক প্রতিনিধি (দক্ষিণ এশিয়া) রাবাব ফাতিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিবিয়ার রাজনৈতিক সঙ্কট বর্তমানে আন্তর্জাতিক সঙ্কটে পরিণত হয়েছে। কারণ বিভিন্ন দেশের মানুষ সেখানে আটকে পড়েছে। আমরা সবাই মিলে এ সঙ্কট মোকাবেলা করার চেষ্টা করছি।"
তিনি জানান, গালফ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩৬ জন বাংলাদেশি ফিরেছেন। অন্য দুটি চার্টার বিমানে করে বুধবারই আরো ৩৪৮ জন দেশে ফিরে আসবেন।
"বাণিজ্যিক বিমানে করে একসঙ্গে অনেক মানুষ আনা সম্ভব হচ্ছে না। যে কয়টি সিট পাওয়া যায়, সেই কজন আনা হয়েছে", বলেন ফাতিমা।
তিনি জানান, ফেরত আসা প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক প্যাকেট মিষ্টি ও এক বোতল পানি এবং বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য ১ হাজার টাকা দেওয়া হয়েছে।
একটি গাড়িতে করে বিমানবন্দর থেকে আন্তঃজেলা বাস ও রেল টার্মিনাল এলাকা মহাখালী, কমলাপুর, সায়েদাবাদ, গাবতলী পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে লিবিয়া ফেরতদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কিউএইচ/এমআই/১১২০ ঘ.
bdnews24