২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবন পরিকল্পনায় অনুমোদন ছাড়াই নির্মাণ শুরু

বিজিএমইএ ভবন নির্মাণ শুরু হয় প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন ছাড়াই- বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ভবন নির্মাণ শুরু হয় প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন ছাড়াই- বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার বিচারপতি এএইচম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে দাখিল করা একটি হলফনামায় এ কথা বলা হয়। রাজউকের সহকারী আইন কর্মকর্তা মো. মাহফুজুল করিম হলফনামাটি আদালতে উপস্থাপন করেন। হলফনামায় বলা হয়, পোশাক শিল্প খাতের শীর্ষ সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃপক্ষ পরিকল্পনা অনুমোদন ছাড়াই ও লক্ষ্য সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার না করেই বহুতল ভবনটির নির্মাণের কাজ শুরু করে। এ কারণে ইমারত নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ী বিজিএমইএকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা এবং ভবনের যেসব অংশ তৈরির ব্যাপারে পরিকল্পনায় উল্লেখ করা হয়নি তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। তহবিল সংকটের কারণ দেখিয়ে ওই অর্থ দিতে সংগঠনটি দেরি করেছিলো বলে হলফনামায় উল্লেখ করা হয়। হলফনামায় আরো উল্লেখ করা হয়, বিজিএমইএ ভবনের ওই জমিটির মূল মালিক রপ্তানি উন্নয়ন ব্যুরো। বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপনের জন্য জমিটি রেলওয়ের কাছ থেকে ব্যুরো কিনেছিলো। এখানে ব্যুরোর মোট ৬ দশমিক ১২ একর জমির মধ্যে দশমিক ৬৬ একর জমি পরে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বিজিএমইএকে ইজারা দেওয়া হয়। ওই চুক্তির সময় রপ্তানি উন্নয়ন ব্যুরো শর্ত দিয়েছিল- ওই বহুতল ভবন নির্মাণের আগে রাজউকের কাছ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন করিয়ে নিতে হবে। "তবে রাজউক কর্তৃপক্ষ ৫ দশমিক ২৩ কাঠার বিষয়ে আপত্তি জানায়। যে জায়গাটি প্রস্তাবিত লেক খননের সঙ্গে যুক্ত এবং বাকি ৩৪ দশমিক ৭৭ কাঠা জমিতে ভবন নির্মাণে ঐক্যমত পর্যন্ত হয়েছিলো," বলা হয় হলফনামায়। এ দিকে মঙ্গলবারের শুনানিতে সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেনকে বিজিএমইএ ভবনের জায়গার মালিক কে তা জানাতে বলেছে আদালত। এ দিন শুনানিতে অংশ নেন আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা হাসান আদালতে বলেন, ওই ভূমি ব্যবহার করে ভবন নির্মাণের অনুমতি দেওয়াও বৈধ নয়। এতে জলাশয় আইন, ইনভায়রনমেন্টাল কনভেনশন অ্যাক্টসহ বেশ কিছু আইন লংঘন করা হয়েছে। ফিদা এম কামাল বলেন, এটি একটি প্রাইভেট ব্যবসায়ীদের সংগঠন। জলাশয় নষ্ট করে তারা এভাবে ভবন নির্মাণ করতে পারেন না। গত বছরের ২ অক্টোবর ইংরেজি দৈনিক নিউ এইজ-এ প্রকাশিত বিজিএমইএ ভবন সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট ডিএইচএম মনিরউদ্দিন। এরপর আদালত স্বপ্রণোদিত ওই ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না- এই মর্মে ৩ অক্টোবর রুল জারি করে আদালত। আদালত এ স্বপ্রণোদিত রুলের শুনানিতে ইতিপূর্বে আদালত ১০ জন আদালত-বন্ধু নিয়োগ দিয়েছিলো। বাকিরা হলেন- ড. এম জহির, আক্তার ইমাম, এএফএম মেজবাহ উদ্দিন, আনিসুল হক, সারাহ হোসেন ও এম ইকবাল কবির। বিজিএমইএর ওই ভবনের বিষয়ে ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদতে এ ধরনের স্থানে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার এখতিয়ারও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেই। ওই ভবনের অংশ বিশেষ ভাঙার জন্য রাজউকের নির্দেশনাও সংগঠনটি পালন করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১৫৪ ঘ.