২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ইকবাল রোডের ফিশারি ঘাট ব্রীজের কাছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি ছোড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসান (৩০), মো. আশরাফুল হক (৩১), মো. আজম আলী (২৭), নাজিম উদ্দিন মিল্লাত (৩১), আবুল হোসেন (২৮) এবং জামাল উদ্দিন (৩৫)। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা আছে বলে জানান কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ। মঙ্গলবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে দশটার দিকে ব্রীজের কাছে ১০/১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে জামাল উদ্দিনকে আটক করা হয়।" তিনি জানান, হাসানের দেহ তল্লাশী করে একটি পিস্তল, আশরাফুলের পকেট থেকে পিস্তলের দুটি গুলি, নাজিম উদ্দিন ও আজম আলীর কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সদীপ কুমার বলেন, "গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় সকালে থানায় দুটি মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এলএন/কেএমএস/১৭২৮ ঘ.