ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে মুহাম্মদ ইউনূসের থাকা অবৈধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ বিষয়ে এখনি কিছু বলতে নারাজ তিনি।
অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। তবে এটা একটি লিগ্যাল ইস্যু। এ নিয়ে এখনি বলার মতো কিছু হয়নি।"
কেন্দ্রীয় ব্যাংকের চিঠির উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রে ছাপা খবরে বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩ সালের ১৪ (৩) ধারা অনুযায়ী নোবেল বিজয়ী ইউনূসের গ্রামীণ ব্যাংকের পরিচালক পদে থাকতে পারেন না।
এ ক্ষেত্রে বয়সসীমার কথা উল্লেখ করা হয়েছে ওই ধারায়। বয়স ৬০ বছরের বেশি হলে ওই পদে থাকার যোগ্যতা হারাতে হয়।
এর আগে অর্থমন্ত্রী মুহিতও গত ১৫ ফেব্র"য়ারি বিবিসিকে বলেন, গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূসের পদত্যাগ করা উচিত। বেসরকারি ব্যাংক-প্রধানের পদ থেকে স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছেছেন ইউনূস।
মুহিত জানান, বাংলাদেশের নিয়ম অনুযায়ী কেউ ৬৫ বছর বয়স পর্যন্ত বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকতে পারেন। ইউনূসের বয়স এর চেয়ে পাঁচ বছর বেশি।
বিবিসিকে মুহিত বলেন, "তার উচিত অন্য কাউকে [দায়িত্ব] দেওয়া; কেউ কোনো প্রতিষ্ঠানে আজীবন থাকতে পারেন না।"
গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে এর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফান্ডে বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে। দেশে বিদেশে ব্যাপক আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এ অবস্থায় গ্রামীণ ব্যাংক বিষয়ে পর্যালোচনায় একটি কমিটি করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24