ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া পিএইচডি ডিগ্রীর 'তুল্য সনদ' (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট) তুলতে গিয়ে ধরা পড়লেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তা। তার ডিগ্রির তত্ত্বাবধায়ক হিসেবে খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানরে নাম উল্লেখ করা হয়েছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফিন জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 'টিম্বার প্রোডাক্ট স্পেশালিস্ট' অরুণ কুমার লাহিড়ী তার পিএইচডি ডিগ্রির তুল্য সনদ চেয়ে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ডিগ্রীর তুল্য সনদ মঞ্জুরি কমিশন থেকে দেওয়া হয় বলে অরুণ কুমারের আবেদনটি কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। গত ২৩ ফেব্র"য়ারি মঞ্জুরি কমিশনের ডিগ্রি ইক্যুইভ্যালেন্স কমিটির বৈঠকে তোলা হয় ওই আবেদনটি।
মঞ্জুরি কমিশনের বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত দেখার পর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম জানান, এই নামে কাউকে তিনি চেনেন না। অথচ থিসিসের 'একনলেজম্যান্ট' অংশে অধ্যাপক নজরুল ইসলামের সই রয়েছে।
বিষয়টি তদন্ত করতে অরুণ কুমার লাহিড়ীকে সোমবার কমিশনে ডেকে পাঠানো হয়।
কমিশনে এসে অরুণ সাংবাদিকদের সামনেই চেয়ারম্যানকে জানান, ঢাকার সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলোজির (সিআইআইটি) মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই পিএইচডি পেয়েছেন তিনি।
'এনভায়রনমেন্টাল স্টাডি অন সাসটেইনেবল উড প্রিজারভেশন অ্যান্ড ম্যানগ্রোভ প্ল্যান্টেশেন ইন কনটেক্সট অব বাংলাদেশ' শীর্ষক থিসিসের জন্য মাত্র ছয় মাসে তিনি এই ডিগ্রি পান। অরুণ জানিয়েছেন, এই ডিগ্রির জন্যে তিনি সিআইআইটিকে দেড় লাখ টাকা দিয়েছেন। প্রথমে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং পরে থিসিসে স্বাক্ষর করতে আরো দশ হাজার টাকা দিতে হয়েছে।
কমিশনে আসার পর কর্মকর্তাদের প্রশ্নের মুখে অরুণ প্রথমে বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। অধ্যাপক নজরুল ইসলাম থিসিসের একনলেজমেন্টের স্বাক্ষর 'তার নয়' দাবি করলে অরুণ বলেন, "আপনি স্বাক্ষর করেছেন, আপনার হয়তো মনে নেই।"
তবে পরে তিনি 'ভুল হয়েছে' স্বীকার করে মাফ চান। এক পর্যায়ে তাকে পুলিশে না দেওয়ার জন্যও অনুরোধ করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই কমকর্তা।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তার নামে জালিয়াতি করা হলেও ওই নামেই ভুল করা হয়েছে। কারণ তার ডক্টরেট ডিগ্রি না থাকলেও একনলেজমেন্টে দেওয়া নামের শুরুতে ডক্টর বসানো হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে তিনি ছাড়া আর কোনো নজরুল ইসলাম নেই।
পুলিশে দেওয়ার কথা বলা হলে অরুণ মাফ চেয়ে বলেন, "আমি জেনেশুনে বিষ পান করেছি। আমি মাফ চাই, আমার ডিগ্রীর তুল্য সনদ লাগবে না। অবসের যাওয়ার
আর মাত্র দুই মাস বাকি আছে। এ সময় একটা ভুলের কারণে আমার সব ভুয়া হতে পারে না।"
তবে পরে অরুণ কুমার সাংবাদিকদের কাছে দাবি করেন, সিআইআইটি থেকে তাকে তত্ত্বাবধায়ক বেছে নেওয়ার জন্য একটি তালিকা দেওয়া হলে তিনি তার বিষয়ের সঙ্গে সম্পৃক্ততার কারণে অধ্যাপক নজরুল ইসলামের নাম বাছাই করেন।
অরুণ কুমারের কাছ থেকে পাওয়া সিআইআইটি কর্মকর্তাদের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।
মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা জানান, চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেছেন। তারা এ বিষয়ে বিভাগীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২৩৫৬ ঘ.
bdnews24