ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক, বিচার কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই বিলে। আইনটি পাস হলে দুদকের নিু পর্যায়ের কর্মকর্তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।
সংসদ কাজে মন্ত্রীপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে দুর্নীতি দমন কমিশনের জবাবদিহিতার বিষয়টি সরাসরি উল্লেখ করা না হলেও এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। দুদকের এ প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করারও বিধান রাখা হয়েছে।
মূল আইনের ৩২ ধারায় বলা হয়েছে, "ফৌজদারী কার্যবিধিতে বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের পূর্বানুমোদন গ্রহণের প্রয়োজন হইবে এবং এই আইনের অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে কমিশন কর্তৃক প্রদত্ত অনুমোদনপত্রের একটি কপি আদালতে দাখিল করতে হবে।"
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, "এই আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ এর বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে।"
ফৌজদারী কার্যবিধির ২৯৭ ধারায় বলা হয়েছে- বিচারক, বিচারকাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের অনুমোদন নিতে হবে এবং তদন্ত কে করবে, কে, কী পদক্ষেপ নেবে- সে সব সিদ্ধান্তও সরকারই নেবে।
প্রস্তাবিত খসড়ায় ১৩টি বিষয়ে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে আনা হয়েছে। এতে বলা হয়েছে, মামলার অনুসন্ধান এবং তদন্তের জন্য কমিশন সরকারি সংস্থা থেকে দক্ষ কর্মকর্তা নিতে পারবে। ১২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বাধ্যতামূলক। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরিবর্তন করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৩৯ ঘ.
bdnews24