২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস ডাকাতি, আহত ২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় তাদের হামলায় অন্তত ২৫ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় তাদের হামলায় অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুর সেতু এলাকার পাকুন্দায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন বাসযাত্রী মো. জনি ও ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বদেশ পরিবহনের যাত্রীবাহী বাসটি গুলিস্থান থেকে সোনারগাঁও যাচ্ছিল। কাঁচপুর ব্রিজ এলাকায় পৌঁছনোর পর যাত্রীবেশী কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর ডাকাতরা যাত্রীদের কুপিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, গহনা, মোবাইল ফোনসহ বিপুল টাকার মালামাল লুটে নেয়। পরে বাস থামিয়ে ডাকাতরা একটি সাদা রঙের একটি মাইক্রেবাসে করে আড়াইহাজারের দিকে পালিয়ে যায় বলে ওই দুই যাত্রী জানান। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে মো. জনি, ইসলাম মিয়া, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, জব্বার হোসেন, শরীফ মিয়া, নেয়ামতউল্লাহ, জাকির হোসেন, তাহের মিয়া, রফিক, তারেকসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৪২ ঘ.