চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজের এক ছাত্র কামড়ে আহত করেছেন তার নারী সহপাঠীকে। আহত ছাত্রীর মুখে প্লাস্টিক সার্জারি করা হয়েছে।
ঘটনার পর থেকে আল আমিন নামে ওই ছাত্র পলাতক রয়েছেন। তিনি কুমিল্লা জেলার মেঘনা থানার বেল্লাকান্দি গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে।
রোববার সকাল ৯টার দিকে চমেকের অণুজীববিজ্ঞান বিভাগের হলরুমের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও চমেক হাসপাতালে কর্তব্যরত পুলিশ জানিয়েছেন।
চমেক পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চমেকের ৪৮তম ব্যাচের চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে শিক্ষার্থীরা ওই বিভাগে যায়। এ সময় ওই ছাত্রীকে ডেকে নেয় তার সহপাঠী আল আমিন।
এক পর্যায়ে আল আমিন তার সহপাঠীনির বাম গালে কামড় দেয়। এতে ছাত্রীটি গুরুত আহত হয় বলে জানান জাকির হোসেন।
চমেকের অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর মো. সেলিম জানান, তাদের মধ্যকার বিরোধের ঘটনা আগেও ঘটেছে। প্রায় দু' মাস আগে দু'জনের অভিভাবককে ডেকে সর্তক করা হয়েছিল।
দু'জনের মধ্যে 'একধরণের বন্ধুত্বের' সম্পর্ক রয়েছে বলে জানান অধ্যক্ষ।
একই ব্যাচের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে ওই দুজনের মধ্যে আগে থেকেই 'সম্পর্ক' ছিল।
ঘটনার পরই আহত ছাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ছাত্রী এখন সুস্থ আছেন। বিকালে তার প্লাস্টিক সার্জারি করানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
আল আমিনের বিরুদ্ধে অ্যাকাডেমিক তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচলাইশ থানায় কোনো মামলা হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে কলেজ কর্তৃপক্ষ, চিকিৎসক ও আহত ছাত্রীর সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। ছাত্রীর অভিভাবকরা রাজশাহী থেকে আসছেন। তারা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
এ ঘটনার বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থী, কলেজ ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগ পৃথকভাবে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২০৭ ঘ.
bdnews24