হবিগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেলের অপর দুই আরোহী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাপ্পি দাশ (২৭)। তিনি হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রবিন্দ্র দাশের ছেলে। আহত দুজন হলেন, বাপ্পির বন্ধু সজিব দাশ (২৬) ও রাজমোহন সরকার (২৭)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাপ্পি ও তার দুই বন্ধু মিলে মোটর সাইকেলে করে বাহুবল উপজেলার খাগাউড়া এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় সিলেটগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক বাপ্পি ঘটনাস্থলেই মারা যান।
সজিব ও রাজমোহনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে আলী ফরিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২১২ ঘ.
bdnews24