সিলেট, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় ২২৩ জন যাত্রী এবং ২১০০ শ' কেজি সব্জি ও মাছ নিয়ে বিমানের বিজি-০১৭ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে।
সরাসরি ফ্লাইট চলাচল শুরুর মধ্য দিয়ে সিলেটবাসী ও যুক্তরাজ্য প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।
সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে সকালে ওসমানী বিমানবন্দরে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এ সময় তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় এ পদক্ষেপ সফল হয়েছে। এতে সিলেট ও বিলেতের মানুষের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সেই সঙ্গে যুক্তরাজ্যে সিলেটের শাক-সব্জির চাহিদাও বাড়বে।"
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন বলেন, "সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। এ ছাড়া সিলেট-লন্ডন রুটে যাত্রার সময়ও কমবে।"
তিনি জানান, আগামী ২৬ মার্চ পর্যন্ত সপ্তাহের প্রত্যেক শনিবার সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চলবে। তার পর থেকে সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ওসমানী থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯২৯ ঘ.
bdnews24