কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ত্রিপোলি থেকে ২৫ কিলোমিটার দূরে মামুরা শহরে আটকে আছি আমরা। আমরা মানে প্রায় ৪ হাজার বাংলাদেশিসহ প্রায় ৫ হাজার বিদেশি। গণ্ডোগোল শুরুর পর কোরীয় চাকরিদাতা আমাদের এখানে এনে রেখেছে। এই অফিস থেকে কেউ বের হতে পারছে না; বাইরে থেকেও কেউ সাহায্য করতে পারছে না। আমাদের খাবারও ফুরিয়ে গেছে।"
শনিবার দুপুর ৩টায় লিবিয়া থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এভাবেই নিজেদের দুরবস্থার কথা জানান বাংলাদেশি প্রকৌশলী আবুল কালাম মিলন।
ভোলার ছেলে মিলন দক্ষিণ কোরিয়ার সিনহান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির চাকরি নিয়ে দুই বছর আগে লিবিয়া যান। প্রায় দুই হাজার বিদেশি কর্মীর সঙ্গে ওই কোম্পানির জাওয়াইয়া আবাসন প্রকল্পে কাজ করছিলেন তিনি। ওই দুই হাজার বিদেশির মধ্যে অন্তত ১৮ শ' জনই বাংলাদেশি।
মোয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে গত সপ্তাহে সহিংস বিক্ষোভ শুরুর পর ২০ ফেব্র"য়ারি মিলনদের সেই আবাসন প্রকল্পে হামলা চালায় লিবীয়রা। এ সময় ব্যাপক লুটপাট চালায় তারা।
মিলন জানান, ওই হামলার পর সিনহান ইঞ্জিনিয়ারিং তাদের জাওয়াইয়া প্রকল্পের কর্মীদের মামুরায় কোম্পানির প্রধান কার্যালয়ে সরিয়ে নেয়। সেখানে ৮০০ লোকের থাকার ব্যবস্থা থাকলেও আশ্রয় নিয়েছে প্রায় ৫ হাজার বিদেশি। খাবার আর নিরাপত্তার অভাবে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন তারা।
হামলা চালায় কোম্পনির লিবীয় কর্মীরাই
মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই কোম্পানিতে যারা এতোদিন চাকরি করেছে, সেই লিবীয়রাই সেদিন আমাদের অফিসে হামলা করে।
"লুটেরাদের প্রথম লক্ষ্য ছিল কোম্পানির গাড়িগুলো। এরপর কম্পিউটার, মোবাইল ফোন, টাকা পয়সাসহ মূল্যবান যা পাওয়া গেছে, সবই নিয়ে গেছে তারা।"
মিলন জানান, একটি দল লুটতরাজ শেষে চলে যাওয়ার পর সেখানে হামলা চালায় আরেকটি দল। লুট করার মতো কিছু না পেলে বিদেশি কর্মীদের মারধর শুরু করে তারা।
বিক্ষোভকারীদের হাতে অস্ত্র
মিলন জানান, বিক্ষোভকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে শহরময় কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি দলে থাকছে ৪০ থেকে ৫০ জন। তাদের হাতে ছুরি, লাঠির মতো অস্ত্র থাকছে। তবে পিস্তলের মতো ছোট আগ্নেয়াস্ত্রও দেখা গেছে কারো কারো হাতে।
অরাজক পরিস্থিতি
মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাদ্দাফির পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও সবার উদ্দেশ্য এক নয়। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে অনেকেই হামলা বা লুটতরাজ চালাচ্ছে। তারা কোন নেতার অনুসারী, তাও পরিষ্কার নয়।
লিবিয়ায় অনেক মানুষ গাদ্দাফিকে পছন্দ করে না জানিয়ে এই বাংলাদেশি প্রকৌশলী বলেন, কেউ গাদ্দাফির বিরুদ্ধে কিছু বললেই সরকারি লোকজন তাকে মেরে ফেলেছে এতোদিন।
"আমাদের কোম্পানিতে একজন লিবীয় গাড়ি চালক ছিল। নাম মো. ইসাম (৪৫)। গাদ্দাফির সমালোচনা করায় ইসামের চার ভাইকে গুলি করে হত্যা করে। সরকারি লোকদের প্রধান লক্ষ্য ছিল ইসাম, কিন্তু ভাগ্যজোরে বেঁচে যায় সে।"
মার জন্য মন কাঁদে
মিলনের বাড়ি ভোলা জেলার দিদারউল্লা গ্রামে। বিয়ে করেননি। বাড়িতে আছেন কেবল মা আমিনা খাতুন।
"আমি টেলিফোন করে মাকে সান্তনা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কান্নাকাটি ছাড়া মা আর কিছু বলতে পারছে না। মায়ের জন্য আমারও মন কাঁদে।"
রাতে গুলি, দিনে হামলা ভয়
"এখানে রাতে গোলাগুলি, আর দিনে হামলার আতঙ্কের মধ্যে দিন কাটছে আমাদের," বলেন মিলন।
তিনি জানান, লিবীয়রা প্রায় প্রতিদিনই অফিসে ঢুকে পড়ছে। বিদেশিদের মারধরও করা হচ্ছে। অন্য এলাকার বিদেশিরা মিশর বা তিউনিশিয়ার দিকে চলে যাচ্ছে বলে শুনতে পাচ্ছেন তারা। কোম্পনির কর্মকর্তারাও বার বার আশ্বাস দিচ্ছেন। কিন্তু তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না।
মামুরায় আটকা পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, "এভাবে চলতে থাকলে এখানে আমাদের না খেয়ে মরতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24