রবিউল ইসলাম ডলার ও রিপন চন্দ্র মল্লিক
মাদারীপুর/চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সঙ্কটের কারণে লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের পরিবারের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করছে তারা।
গত সপ্তাহ থেকে লিবিয়ায় সরকারবিরোধী প্রবল বিক্ষোভ চলছে। উত্তর আফ্রিকার এ দেশটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছে। এর মধ্যে সংঘাতপ্রবণ বেনগাজি শহরেই রয়েছে প্রায় ৩ হাজার বাংলাদেশি।
মাদারীপুরের শিবচরের অন্তত দুইশ শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জের দুইশ শ্রমিক লিবিয়ায় আটকা রয়েছেন। লিবিয়া প্রবাসীদের ফিরিয়ে আনতে কিশোরগঞ্জের ভৈরববাসী শনিবারই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
শিবচরের পাচ্চর, মালোপাড়াসহ কয়েকটি গ্রাম ঘুরে প্রবাসীদের জন্য স্বজনদের উৎকণ্ঠা দেখা যায়।
পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার রাজমিস্ত্রী ছালাম বেপারি দীর্ঘদিন ধরে লিবিয়ায় আছেন। তিনি তার দুই চাচাতো ভাই, মামাসহ পরিবারের সাতজনকে নিয়ে যান। এখন তারা সকলেই সেখানে আটক রয়েছেন।
পাঁচ্চর ইউনিয়নের অন্তত ৩০ জন লিবিয়ায় রয়েছে বলে এলাকাবাসী জানান।
শুক্রবার বিকালে ছালাম বাড়িতে ফোন করেন। ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভাই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। আমরা এক ক্যাম্পে প্রায় সাড়ে পাঁচশ বাংলাদেশি আটকা আছি। এর মধ্যে শিবচরেরই ৪৫ জন।"
ছালাম দাবি করেন, তিনি যে এলাকায় আটক আছেন সেখানের প্রায় ৮/১০ বাংলাদেশি মারা গেছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। যদিও সরকার বলছে, লিবিয়ায় বাংলাদেশিদের হতাহতের কোনো খবর তাদের কাছে নেই।
ছালাম বলেন, "আমরা না খাইয়া রইছি। দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ। সব জায়গায় গোলাগুলি চলতাছে।"
ছালামের মা হালিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, "ও বাবা, আমার পুলারে আইনা দাও। আমার টাহা লাগবো না।"
ছালামের বাবা মান্নান জানান, লিবিয়ায় আটকেপড়া প্রত্যেকের পরিবারেই একই উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছে।
মালোপাড়ার তপু আর শ্যামল বেশ কিছুদিন আগে কাজের জন্য লিবিয়িায় পাড়ি দেন। ধার-দেনা করে বিদেশ পাড়ি জমান তারা।
তপুর মা স্থানীয় স্কুলের আয়া দিপালী মালো বলেন, "আমার পুলা সুখ আনতে বিদেশ গেছিল। আমি এহনো অনেক দেনা আছি। আমি হেইয়া না খাইয়া শোধ করুম। তাও আমার একমাত্র পুলারে আইনা দাও। ওর কিছু হইলে আমি বাঁচুম না'।
শিবচরের পরিবারগুলোর মতো একই অবস্থা চলছে চাঁপাইনবাবগঞ্জের প্রায় দুইশ জনের পরিবারেও।
জেলা শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা ইব্রাহিম আলী (২৪) দেড় বছর আগে লিবিয়ায় যান। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করেন।
শুক্রবার দুপুরে ইব্রাহিমের বাবা চা-দোকানি ইয়াকুব আলী জানান, তিন দিন আগে ছেলের সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়েছে। কিন্তু এরপর আর যোগাযোগ হয়নি।
ইব্রাহিমের মা লতিফা বেগম ছেলের কথা বলতে গিয়ে কয়েকবার মূর্ছা যান।
আটকে পড়া শ্রমিক আমিনুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ মাস আগে তার স্বামী লিবিয়ায় যান। গত সাত মাস ধরে বেতন বন্ধ থাকায় তিনি কোনো টাকা পাঠাতে পারছেন না।
চার ছেলে-মেয়ে নিয়ে মরিয়মের দিন কাটছে অনিশ্চয়তায়।
মরিয়মের সঙ্গে তার স্বামীর তিন দিন আগে সর্বশেষ কথা হয়। আমিনুল জানিয়েছেন, তারা একটা ঘরে আটকা রয়েছেন। সেখানে খাবার ও পানির তীব্র সঙ্কট।
সরকার পাড়ার রমজানের মা ষাটোর্ধ্ব কোবরাতন নেসারও ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭১৩ ঘ.
bdnews24