ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনে সাংবাদিক ফরহাদ খাঁ এবং তার স্ত্রী রহিমা খানমকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ভোরে খুলনার দামোদার থেকে রাজু (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান।
গত ২৭ জানুয়ারি রাতে নয়াপল্টনে নিজের বাসায় খুন হন ফরহাদ খাঁ ও তার স্ত্রী। গোয়েন্দা পুলিশ এই জোড়া খুনের মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর ৩১ জানুয়ারি ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়নকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ইয়ন হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
ইয়নের জবানবন্দি উদ্ধৃত করে মনিরুজ্জামান বলেন, "এই হত্যার ঘটনায় ইয়নকে সহযোগিতা করেছে তার বন্ধু রাজু।"
এরপর থেকেই গোয়েন্দা পুলিশ রাজুকে গ্রেপ্তারে অভিযান শুরু করে জানিয়ে মনিরুজ্জামান বলেন, "গ্রেপ্তারের পর রাজুও প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। খুনের পর ভাগের টাকা দিয়ে সে একটি গিটার কিনে। এ ছাড়া তার কাছ থেকে রক্তমাখা দুইটি গ্লাভস্ ও সাতটি বিদেশি কয়েন উদ্ধার করা হয়েছে।"
অতিরিক্ত উপ কমিশনার বলেন, শুধু টাকার জন্যই ইয়ন ও রাজু মিলে ফরহাদ খাঁ ও তার স্ত্রীকে হত্যা করে।
গ্রেপ্তারকৃত রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নিতে আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24