২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র চরে আটকা কয়েকশ' বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির গাংখুদা সমূদ্র চরে কয়েকশ' বাংলাদেশি 'চরম সঙ্কটের' মধ্যে দিন কাটাচ্ছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

লালমনিরহাট, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির গাংখুদা সমূদ্র চরে কয়েকশ' বাংলাদেশি 'চরম সঙ্কটের' মধ্যে দিন কাটাচ্ছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। শুক্রবার বিকালে লালমনিরহাটের পাটগ্রামের উপজেলার শ্রীরামপুর খেংটি গ্রামের জুয়েল (২৫) ফোন তার পরিবারের সদস্যদের একথা বলেন। তিনি জানান, লালমনিরহাট, রংপুর, চাপাইনবাবগঞ্জ, মাদারীপুর, বগুড়া, কিশোরগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক সমুদ্র চরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। জুয়েলের বাবা মনছুর আলী ও ভাই রেজাউল সাংবাদিকদের জানান, সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আন্দোলনকারীরা বাংলাদেশি শ্রমিকদের 'সিএসিসি' নমের চীনা কোম্পানিটির পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ বন্ধ করে দেয়। ফলে খাদ্য দ্রব্যসহ জীবনধারণের প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সঙ্কটে পড়েন তারা। জুয়েল 'সিএসিসি' নমের চীনা কোম্পানিটিতে কাজ করেন। তাদের খাবারসহ বিভিন্ন সরবরাহ বন্ধ হওয়ার পর চীনা 'সিএসিসি' কোম্পানির কর্মকর্তারা শ্রমিকদের নদীপথে গ্রিসে নেওয়ার কথা বলে ত্রিপোলির গাংখুদা এলাকায় সমূদ্র চরে একটি আশ্রয় কেন্দ্রে রেখে পালিয়ে যায়। কোম্পানির কাছে শ্রমিকদের পাসপোর্ট, ভিসাও রয়ে গেছে। জুয়েল আরো বলেন, গাংখুদা এলাকার বিক্ষোভকারীরা আগামী দু'তিন দিনের মধ্যে তাদের চলে যেতে বলেছে। না হলে বিপদ হবে বলে হুঁশিয়ার করে দেয়। ওই চর থেকে জাহাজে করে বিভিন্ন দেশের শ্রমিকদের নিজ নিজ দেশে সরিয়ে নিচ্ছে বলেও দাবি করেন জুয়েল। জুয়েল ছাড়াও লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের মাকসুদার রহমান (৩২), মহিষখোচা গ্রামের আকবর আলী (২৭), গোবরধন গ্রামের মুরাদ কাজী (২৫), মর্নেয়া চরের মনিরুজ্জামান (৩০), সিরাজগঞ্জের আনোয়ার হোসেন (৩৫), চাপাইনবাবগঞ্জের আবুল হাসান (২৫), রুবেল (২৪), মাদারীপুরের রফিক (২৫) ফোনে জানান, প্রধান প্রধান সড়কে বিক্ষোভকারীরা অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় গাড়ি পেলে আগুন ধরিয়ে দিচ্ছে। অনেক বাংলাদেশি মরুভূমিসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আত্মগোপন করেছে বলেও তারা দাবি করেন। মাকসুদার রহমানের স্ত্রী মিনা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে ফোনের তিনি কথা বলেছেন স্বামীর সঙ্গে। তিনি একটি মরুভুমি এলাকায় আত্মগোপন করে আছেন বলে স্ত্রীকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.