২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকা মেয়েটির আসল নাম আকলিমা আক্তার (১০)। স্বপ্না নামের মিথ্যা পরিচয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকা মেয়েটির আসল নাম আকলিমা আক্তার (১০)। স্বপ্না নামের মিথ্যা পরিচয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আকলিমাকে নির্যাতন করে হত্যার অভিযোগে গৃহকর্ত্রী হোসনে আরা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সহকারি পুলিশ কমিশনার (উত্তরা) আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে উত্তরার বাসা থেকে হোসনে আরাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী আব্দুর রশিদ পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, "হোসনে আরা অপরাধ স্বীকার করেছে। কাজে ভুলের জন্যে মেয়েটিকে বিভিন্ন সময় গরম খুন্তির ছ্যাঁকা ও বেত দিয়ে পেটানো হতো। বুধবার তাকে মেঝেতে ফেলে পা দিয়ে পাড়ানো হলে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় মেয়েটির মাথাও ফেটে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" পলাতক আব্দুর রশিদ শেয়ার ব্যবসা করেন বলে জানান ওসি। আকলিমার বাবা রাজমিস্ত্রীর সহযোগী সিদ্দিকুর রহমান পল্লবীর বাঘাইলটেকে থাকেন। শুক্রবার রাতে তিনি রশিদ ও হোসনে আরাকে আসামি করে উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার রাতে মুমুর্ষ অবস্থায় স্বপ্না পরিচয়ে ১০ বছরের মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তিনজন পুরুষ। মেয়েটির ভুয়া বাপ-মা সাজিয়ে ক্যাম্পের পুলিশকে বোকা বানিয়ে তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। আত্মীয় স্বজনহীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মেয়েটি মারা যায়। নাম-পরিচয়হীন লাশটি সারাদিন হাসপাতালের ট্রলিতে পড়ে থাকে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ দেখে পুলিশ তৎপর হয়ে ঘাতকদের গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২৩২৪ ঘ.