২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘট

বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদের দাবির সমর্থনে হাসপাতালের প্রায় দেড়শ' শিক্ষানবিস চিকিৎসক শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদের দাবির সমর্থনে হাসপাতালের প্রায় দেড়শ' শিক্ষানবিস চিকিৎসক শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বৃহস্পতিবার রাতে অপ্রীতিকর ঘটনার জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। এতে হাসপাতালের চিকিৎসা কাজ ব্যহত হচ্ছে। শিক্ষানবিস চিকিৎসক অপূর্ব ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করলে অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শাহজাহান বলেন, সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মাসুম হোসেন আরিফ ও তার এক সহপাঠীর সঙ্গে এলাকার দুই বহিরাগত যুবকের কথা কাটাকাটি হয়। এরপর ওই দুই যুবক আরিফকে মারধর করে। এ সময় অন্য শিক্ষার্থীরা একজনকে আটক করে রাখলে এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে এসে মেডিকেল কলেজ ছাত্রদের উপর হামলা চালায়। এতে পারভেজ, আলতাফ, কামরুল, শিপু, মামুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে বিক্ষুব্ধ ছাত্ররা রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন রোগী ভেতরে ঢুকতে না পেরে হাসপাতাল থেকে চলে যান। এ ঘটনায় হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি গোলাম সারওয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০৩৬ ঘ.