শরীয়তপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হয়ে কিশোরী হেনা আক্তারের মৃত্যুর ঘটনায় তার মায়ের দায়ের করা দ্বিতীয় মামলাটিও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, দ্বিতীয় মামলাটিও বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তবে নতুন কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
হেনা হত্যা মামলার ১৮ আসামির মধ্যে ৭ জন গ্রেপ্তার হলেও চামটা আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মূল ফতোয়াবাজ শাইদুর রহমানসহ বাকি ১১ আসামির কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়া দিয়ে দোররা মারার পর ৩১ জানুয়ারি মারা যায় হেনা আক্তার (১৪)।
হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের 'পরকিয়া সম্পর্কের' অভিযোগে ওই সালিশ বসানো হয়।
এরপর তার বাবা দরবেশ খাঁ নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে নড়িয়া থানায় দ্বিতীয় মামলাটি করেন হেনার মা আকলিমা আক্তার। দুটি মামলাতেই ১৮ জনকে আসামি করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলা দুটির তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24