তানিম আহমেদ
ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিউনিসিয়া ও মিশরের জনগণের পদাঙ্ক অনুসরণ করে সরকার পতনের আন্দোলনে জেগে ওঠা লিবিয়াকে 'হীরক রাজার দেশের' সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের এক সাবেক কূটনীতিক।
লিবিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসানের ভাষায়, সত্যজিত রায় তার 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে 'হীরক রাজা' নামের যে চরিত্রটি সৃষ্টি করেছিলেন, তার সঙ্গে লিবিয়ার 'অবিসংবাদিত' নেতা মুয়াম্মার গাদ্দাফির খুব বেশি তফাত নেই।
রাষ্ট্রদূত থাকাকালে দেশে বন্ধুদের পাঠানো চিঠির শেষে তিনি মজা করে লিখতেন 'জামিল ফ্রম এইচ আর ডি। অর্থাৎ, হীরক রাজার দেশ থেকে জামিল।
২০০৫ থেকে ২০০৭- এই দুই বছর লিবিয়ায় কাজ করার অভিজ্ঞতায় উত্তর আফ্রিকার তেলসমৃদ্ধ এই রাষ্ট্রটিকে হীরক রাজার দেশ বলেই মনে হয়েছে জামিল আহসানের।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভূ-মধ্য সাগরের কোল ঘেঁষা এই দেশটি কীভাবে এতোদিন গাদ্দাফির শাসনের কাছে নতজানু হয়েছিল।
জামিল জানান, গাদ্দাফির মর্জি মাফিক এক অদ্ভুত পঞ্জিকা মেনে চলে লিবিয়া।
আরবের মুসলিম দেশগুলো এমনিতে হিজরি পঞ্জিকা অনুসরণ করে। এ পঞ্জিকায় বছর গণনা শুরু হয় হযরত মুহম্মদের মদিনায় হিজরতের সময়কে মান ধরে। কিন্তু লিবিয়ায় বছর শুরু হয় মুহম্মদের মৃত্যুর দিন থেকে।
সাবেক কূটনীতিক জামিল বলেন, "গাদ্দাফির দেশে হিজরি ক্যালেন্ডারকেও বদলে ফেলা হয়েছে।"
"লিবিয়ায় ঈদ কবে হবে আল ফাতাহ বিপ্লবের মহান নেতা গাদ্দাফিই তা ঘোষণা করেন," যোগ করেন তিনি।
লিবিয়াবাসের অভিজ্ঞতা থেকে জামিল বলেন, "কোনো এক বছর নেতার ঘোষণা মেনে নির্দিষ্ট দিনে রোজার ঈদ উদযাপন করলো সবাই। কিন্তু হিসাব করে দেখা গেল, রোজা শেষ হওয়ার একদিন আগেই ঈদ পালন করা হয়েছে। ঠিক সেই সময় এলো দ্বিতীয় ঘোষণা। নেতার নির্দেশ মেনে ঈদের পরদিন সবাই আবার রোজা রাখলো।"
সাবেক সেনা কর্মকর্তা জামিল জানান, পুরো লিবিয়ার মধ্যে রাজধানী ত্রিপোলিতেই গাদ্দাফির খুঁটি সবচে মজবুত। তবে দেশটির পূর্বাঞ্চল তুলনামূলকভাবে অনেক বেশি প্রগতিশীল। লিবিয়ার সাবেক বাদশাহ ইদ্রিস ছিলেন ওই এলাকারই বাসিন্দা। আর তাকে উৎখাত করার মধ্য দিয়েই লিবিয়ায় গাদ্দাফির শাসন কায়েম হয় ১৯৬৯ সালে।
"সেখানকার পুরো পরিস্থিতিই বেশ জটিল। স্থানীয় গোত্রগুলো লিবিয়ার রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে।"
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর প্রতীক খেতাব পাওয়া এই সেনা কর্মকর্তার দৃষ্টিতে, গাদ্দাফি হলেন সেই 'অগ্নিপুরুষ' যিনি যুক্তরাষ্ট্রের প্রভুসুলভ আচরণ সহ্য করেননি।
"দ্বীমেরু বিশ্ব ব্যবস্থায় চিন্তা করলে তার (গাদ্দাফির) সাম্যবাদী ধারণাগুলোকে মহৎ বলেই মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নতুন শতকের ডাকে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন।"
তার মতে, গাদ্দাফি লিবিয়ার প্রেক্ষাপটে সাম্যবাদ ও ইসলামকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছেন। কিন্তু তার এই আদর্শের সুফল দেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছেনি। সে দেশের বহু মানুষ এখনো কায়ক্লেশে জীবন যাপন করে।
"লিবিয়ায় 'সব পাওয়া' আর 'না পাওয়াদের' মধ্যে ব্যবধান এখনো প্রকট।"
জামিলের বক্তব্য, বৈষম্য থেকে বিক্ষোভ তৈরি হয়। কিন্তু জনগণের ক্ষোভ বা ভিন্নমত যাতে কোনোভাবেই বিদ্রোহের রূপ নিতে না পারে, লৌহমানব গাদ্দাফি তা নিশ্চিত করে এসেছেন কঠোর হাতে, নির্মমভাবে।
হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর লিবীয় সেনাবাহিনীর দমন অভিযানে অন্তত তিনশ মানুষের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/০১১৭ ঘ.
bdnews24