২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'লিবিয়ায় বাংলাদেশি নিহতের কোনো খবর নেই'

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশটিতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর দূতাবাসের কাছে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশটিতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর দূতাবাসের কাছে নেই। লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন- বৃহস্পতিবার জার্মানির একটি অনলাইন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন রাষ্ট্রদূত এ বি এম নূরুজ্জামান। রাষ্ট্রদূত বলেন, "প্রতিদিন আমার কাছে তিন থেকে চারশ ফোন আসে। কিন্তু লিবিয়ার কোথাও বাংলাদেশিদের হত্যার কথা কেউ আমাকে বলেনি।" জার্মানির অনলাইন সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা সার্ভিসে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে নয়শ কিলোমিটার দূরে মিসরাকায় ৩৭ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দুজন বাংলাদেশি। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত নূরুজ্জামান বলেন, "৩৭ জন একটি বিশাল সংখ্যা। এ ধরণের কিছু ঘটলে অবশ্যই কেউ না কেউ আমাদের ঘটনাটি জানাত। "আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে ওইসব কোম্পানির ক্যাম্পে খাবার ও পানির সংকট বিষয়ে অভিযোগ পেয়েছি।" চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার আরব দেশ লিবিয়া। বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে সংঘাতময় বেনগাজির কাছের শহর দারনা সিটিতে আটকে পড়া বাংলাদেশিদের একজন শফিউদ্দিন বিশ্বাস। বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিবিয়ার পূর্বাঞ্চলে আন্দোলনকারীদের হাতে জিম্মি ১৭ জন বাংলাদেশিসহ প্রায় দেড়শ জনকে উদ্ধারের পর মিশর সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী। তিনি জানান, অস্থির লিবিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীরা শতাধিক বাংলাদেশিসহ প্রায় তিনশ বিদেশিকে জিম্মি করে। আর এই ডামাডোলের মধ্যে বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পূর্বে দারনা সিটিতে কয়েকদিন ধরে আটকা ছিলেন এ সব বাংলাদেশি। রাষ্ট্রদূত বাংলাদেশিদের স্থানান্তর প্রসঙ্গে জানান, কোরীয় কোম্পানি ওউন এ কর্মরত প্রায় ৪৫০ জন বাংলাদেশি ইতিমধ্যে মিশর সীমান্তে পৌঁছেছে। ওই শ্রমিকরা লিবিয়ার বেনগাজি এলাকায় কাজ করতেন। তিনি বলেন, "তারা যেন ভিসা ছাড়াই মিশরে প্রবেশ করতে পারে সে জন্য আমরা মিশর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। "এ ছাড়া চীনা কোম্পানি চায়না স্টেট আমাদের আশ্বস্ত করেছে, সেখান থেকে চীনা শ্রমিকদের সরিয়ে নেওয়ার সময় বাংলাদেশি শ্রমিকদেরও সরিয়ে নেওয়া হবে। এ জন্য তারা জাহাজ পাঠাবে।" চায়না স্টেট কোম্পানি বেনগাজি এলাকায় কাজ করে। মিশর-তিউনিসিয়ায় অস্থায়ী শিবির পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, মিশর ও তিউনিসিয়ায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) উদ্যোগে অস্থায়ী শিবির করা হচ্ছে। "লিবিয়া থেকে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে এ শিবিরগুলো করা হচ্ছে," বলেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন দীপু মনি। এদিকে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে লিবিয়া থেকে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমরা বাংলাদেশের মিশর দূতাবাসকে ওই দেশে বাংলাদেশিদের প্রবেশে অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছি, যাতে তারা কায়রো থেকে বিমানে উঠতে পারে। "আমরা তিউনিশিয়ার কাছেও একই অনুরোধ জানাবো, কারণ বাংলাদেশিরা ওই দেশের সীমান্ত দিয়ে লিবিয়া ছাড়তে পারে।" লিবিয়ায় আটকে পড়াদের উদ্ধারের জন্য প্রচেষ্টা নেওয়ার কথা সরকার জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইতোপূর্বে বলেছেন, সেখানে পরিস্থিতি বেশি খারাপ হলে সব বাংলাদেশিকে নিয়ে আসা হবে। পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ সন্ধ্যায় জাতীয় সংসদকে পররাষ্ট্রমন্ত্রী জানান, লিবিয়ায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পায়নি সরকার। তিনি বলেন, "আমরা লিবিয়ার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করি, আমরা আমাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে পারবো।" জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মইনুদ্দিন খান বাদলের দাবির প্রেক্ষিতে ৩০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে দীপু মনি এ কথা বলেন। লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের অনেক নাগরিক সেখানে অনেক প্রতিষ্ঠানে কর্মরত আছে। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রবাসী কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রনালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে।" দীপু মনি জানান, লিবিয়ায় অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে। তাদের সঙ্গেও সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যেন মিশর ও তিউনিসিয়ার অস্থায়ী শিবিরে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া যায়। তিনি বলেন, "লিবিয়ায় চীন, মালয়েশিয়ারসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে বাংলাদেশের নাগরিকরা কর্মরত। "সে সব দেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের নাগরিকদের পাশাপাশি সখানে কর্মরত বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নিতেও সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/২১১৫ ঘ.