সিলেট, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতিতে বাধা দেওয়ায় ছাতকে কুপিয়ে এক স্কুলছাত্রীকে হত্যা করেছে ডাকাতরা।
বুধবার গভীর রাতে ছাতক উপজেলার জাউয়াবাজারের আবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মিলি রানী দাস (১৪) মৌলভীবাজারের বড়লেখা উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে ডাকাতরা গ্রামীণ ব্যাংকের সহ-ব্যবস্থাপক ডলি রাণী তালুকদারের বাড়িতে হানা দেয়।
এ সময় ডলি রানীর বোনের মেয়ে মিলি 'ডাকাত, ডাকাত' বলে চিৎকার করতে থাকলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তার মাথায় ও পিঠে রাম দায়ের কোপ দেয়। এতে মিলি ঘটনাস্থলেই মারা যায় বলে এসআই নজরুল জানান।
পুলিশ মিলির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে নজরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৫৯ ঘ.
bdnews24