ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা মন্ত্রণালয়ের 'বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ' (আইএমইডি) তাদের প্রতিবেদন অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছে।
আগামী এপ্রিল থেকে অনলাইনে তাদের এ প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এতদিন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে উন্নয়ন কর্মকাণ্ডের মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক প্রতিবেদন সংগ্রহ করে তা 'ম্যানুয়ালি' প্রকাশ করতো আইএমইডি। এখন থেকে তা সংগ্রহ ও প্রকাশ দুটোই করা হবে অনলাইনে।
অনুষ্ঠানে আইএমইডি সচিব হাবিবুল্লাহ মজুমদার বলেন, "প্রতিটা কার্যালয় তাদের প্রতিবেদন অনলাইনে পাঠিয়ে দেবে এবং আমরা তা অনলাইনে প্রকাশ করবো।"
পরিকল্পনামন্ত্রী বলেন, "এর ফলে প্রতি মাসের তিন তারিখের মধ্যেই প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জানা যাবে। এ থেকে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সে সম্পর্কে উদ্যোগ নেওয়া যাবে।"
এর ফলে প্রতিবেদন প্রকাশে সময় কম লাগবে এবং স্বচ্ছতাও বাড়বে বলে আশা করেন মন্ত্রী।
প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে ইউএনডিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24