ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারি ও গৃহগণনাকারি ২০১১-এর জেলা সমন্বয়কারী কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার রাজধানীর পরিসংখ্যান ব্যুরো মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ চলবে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত।
এতে ২৫ জন উপ-সচিবসহ (ওএসডি) বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর ১৩০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর বিশেষজ্ঞরা প্রশিক্ষণ পরিচালনা করছেন।
সারাদেশে আগামী ১৫-১৯ মার্চ পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা হবে। সর্বশেষ ২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা হয়।
আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর প্রকল্প পরিচালক অসীম কুমার দে সাংবাদিকদের জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন সমন্বয়কারী সারাদেশে দুই হাজার ৭০০ জোনাল কর্মকর্তাকে আগামী ২৬-২৮ ফেব্র"য়ারি প্রশিক্ষণ দেবেন।
জোনাল কর্মকর্তারা আগামী ৫-১৩ মার্চ ৬০ হাজার সুপারভাইজার ও তিন লাখ ৩০ হাজার গণনাকারীকে প্রশিক্ষণ দেবেন।
তিনি জানান, শুমারিতে গৃহ, খানা ও খানার প্রত্যেক সদস্য সম্পর্কে ২৫টি প্রশ্ন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বলেন, বাংলাদেশের বর্তমান সঠিক জনসংখ্যা এবং গৃহ ও খানার সংখ্যা নিরূপণ করতে এ শুমারি অপরিহার্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলীর সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব রিতি ইব্রাহিম, ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মাইকেল ভ্যান গল অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন আদমশুমারি ও গৃহগণনা কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রমে আর্থিক সহয়তা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএস/জেকে/১৩৪৭ ঘ.
bdnews24