২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ২ যুবক খুন

গাজীপুরে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে। এদের একজন খুন হয় গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি (কুদ্দুস নগর) এলাকায় এবং অপরজন খুন হয় মোগর খাল গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে। এদের একজন খুন হয় গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি (কুদ্দুস নগর) এলাকায় এবং অপরজন খুন হয় মোগর খাল গ্রামে। এই দুজন হলো কুদ্দুস নগর এলাকার আউয়াল মোল্লার ছেলে কাওসার (২০) ও ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার কলসিন্দুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম (২৭)। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার রাত ১২টার দিকে স্থানীয় কয়েকজন যুবক কাউসারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে জরুন উত্তর পাড়া এলাকায় নিয়ে গিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে কাওসার ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কাউসারকে বাড়ি থেকে ডেকে নেওয়ার অভিযোগে এলাকাবাসী স্থানীয় ইয়াসিন মিয়ার ছেলে মইনউদ্দিনকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় শিকদার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ সন্দেহ করছে। এদিকে ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সুজায়েত হোসেন জানান, জহিরুল মোগর খাল গ্রামে লাল বস্তির জনৈক আশিকুলের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতো। রোববার রাতে ওই বাড়ির অপর ভাড়াটিয়া রুবেলের ঘর থেকে একটি স্বর্ণের আংটি চুরি হয়। এ চুরির জন্য জহিরুলকে অভিয্ক্তু করা হয়। এক পর্যায়ে রাত ১১টার দিকে জহিরুলকে একটি ঘরে আটকে রাখা হয়। জহিরুলের স্ত্রী জোবেদা পুলিশকে জানায়, গৃহকর্ত্রী হালিমা ও তার ছেলে সাদ্দাম এবং ভাড়াটিয়া রকিবুল হাসান রুবেলসহ ১০/১২ জন লোক রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পর্যায়ক্রমে জহিরকে পেটায়। এতে ভোরে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর সংবাদ শুনে সকালে বিক্ষুব্ধ লোকজন ওই বস্তিতে হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘর ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হালিমা ও রুবেলকে পুলিশ আটক করেছে। নিহতের স্ত্রী জোবেদা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৬ ঘ.