বগুড়া, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জেলা শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একটি কোচিং সেন্টার পরিচালকের মৃত্যু হয়েছে। আহতও হন একজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জলেশ্বরীতলায় প্রগ্রেস কোচিং সেন্টারে এ হামলায় নিহত হন শরিফুল ইসলাম (২৭)।
গুরুতর আহত অপর পরিচালক আশরাফুল আলমকে (৩১) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দু'জন হলেন- প্রগ্রেস গ্র"প নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের ভাগিনা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোস্তাফিজার রহমানের সঙ্গে তার স্ত্রী প্রগ্রেস ক্যাডেট স্কুলের পরিচালক তন্দ্রা রহমানের সঙ্গে কিছুদিন ধরে প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
এ কারণে তারা পৃথকভাবে বসবাস করছিলেন।
রাত সাড়ে ৮টায় তন্দ্রা রহমান ৭/৮ জন তরুণকে নিয়ে প্রগ্রেস কোচিং সেন্টারে গিয়ে মোস্তাফিজার রহমানকে খোঁজেন। তাকে না পেয়ে আশরাফুল আলম ও শরিফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
এ সময় তার সঙ্গে যাওয়া তরুণরা আশরাফুল ও শরিফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৯টায় শরিফুল মারা যান।
বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান বলেন, মোস্তাফিজুর রহমানের স্ত্রী তন্দ্রা রহমানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় একজন মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24