২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

নীলফামারী, গাজীপুর ও মেহেরপুরে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী, গাজীপুর ও মেহেরপুরে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুজন, গাজীপুরের কোনাবাড়িতে দুজন ও মেহেরপুরের গাংনী উপজেলায় একজনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারি : কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- কল্পনা বেগম (৩০) ও আজিজুল হক (১৭)। এরা সম্পর্কে চাচী-ভাতিজা। কিশোরগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরপাড়া গ্রামের বৃদ্ধ কেফার উদ্দীন ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির বাইরে গেলে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যান। কেফারউদ্দিন তখন 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য ছুটে আসেন পুত্রবধু কল্পনা বেগম ও নাতি আজিজুল হক। তখন তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। কল্পনা বেগম বৃদ্ধের ছেলে আসাদুল হকের স্ত্রী এবং আজিজুল বৃদ্ধের অপর ছেলে রাশিদুল ইসলামের ছেলে। কেফার উদ্দীন বেঁচে গেলেও কল্পনা ও আজিজুল ঘটনাস্থলেই মারা যান বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মেহেরপুর : গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় পারেছা খাতুন (৪৬) নামে অপর এক গৃহবধু আহত হন। গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাড়াভাঙ্গা গ্রামের খাক্তাব আলীর স্ত্রী পারেছা খাতুনের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলছিলো। পারেছা অসাবধানতাবশত বিদ্যূতের তারে জড়িয়ে যান। পারেছার চিৎকার শুনে প্রতিবেশী শওকত আলীর স্ত্রী রশিদা খাতুন তাকে উদ্ধারে ছুটে আসেন। তখন রশিদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পারেছা নিজেকে রক্ষা করতে পারলেও রশিদা ঘটনাস্থলেই মারা যান। আহত পারেছাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মতিয়ার। গাজীপুর: সদর উপজেলার কোনাবাড়ির আমবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু'জন মারা গেছেন। এরা হলেন- ময়মনসিংহের বাবুখালী সাইফুল ইসলাম (৪০) ও মুক্তাগাছার গোবিন্দবাড়ি এলাকার সফিকুর রহমান( ২৮)। সাইফুল কোনাবাড়ির একটি ইট ভাটায় এবং সফিকুর রহমান তুসুকা নামের তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। সাইফুলের রাশিদা বেগম সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে নলকূপ ঠিক করার সময় তারা বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় তাদের গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. লিয়াকত আলী খাঁন জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। লাশ দু'টি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/সিএস/এমএসবি/১৮৫৩ ঘ.