২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

দিনাজপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে ৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

দিনাজপুর, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে ৭ জন। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় প্রথম দফায় ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। প্রায় ৭ মিনিট স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে এ দুটি উপজেলায় কাঁচা ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বোঁচাগঞ্জ উপজেলায়। প্রায় ১৫মিনিট স্থায়ী এ ঝড়ে এসব উপজেলায় বিপুল সংখ্যক গাছপালা ও কাঁচা ঘর ভেঙ্গে পড়ে। গাছের ডাল ও ঘর চাপা পড়ে ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে কাহারোলের মুকুল ও হায়দার, চিরিরবন্দরের আবুল কাশেম, সদরের সালাহউদ্দীন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিকান্দার আলী জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে চিরিরবন্দর, পার্বতীপুর, সদর, বিরল ও বোঁচাগঞ্জ উপজেলায় গম, সরিষা ও পেঁয়াজের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ৩২২ হেক্টর জমির গম, ১'শ হেক্টর জমির সরিষা ও ২৫ হেক্টর জমির পেঁয়াজের আংশিক ক্ষতি নিরুপন করা সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৬ ঘ.