বরগুনা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় সৌদি আরব প্রবাসী হত্যার ঘটনায় আরো দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পটুয়াখালী থেকে সিদ্দিকুর রহমান ও আল-আমিন নামের ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার গ্রেপ্তার করা হয়েছিল নিহতের স্ত্রী আসমা বেগম (২৬), শ্যালক খলিলুর রহমান পহলান (২৮), 'স্ত্রীর সহযোগী' নূরে আলম (৩৫) ও প্রতিবেশী শুক্কুর আলীকে (৩৫)।
রোববার রাতে বামনা উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের সৌদী আরব প্রবাসী ফারুক ফরাজী (৩৮) ছুরিকাঘাতে খুন হন।
এদিকে মঙ্গলবার ফারুকের সৎ মা রাহিমা বেগম (৬০) ও আমুয়া থেকে তাদের বাড়ি আসা অতিথি সোলেমান গাজীর (৫০) জ্ঞান ফিরলেও তারা হত্যার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছেন না।
ফারুকের স্ত্রী আসমা বেগম মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বামনা থানার ওসি মোবাশ্বের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্ত্রী ও অপর গ্রেপ্তারদের দেওয়া তথ্য থেকে দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ফারুকের বাবা আবদুল আলী ফরাজী সোমবার বামনা থানায় একটি মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বামনা উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের ফারুক ফরাজী নয় বছর আগে পাথরঘাটা উপজেলার কামারহাট গ্রামের আসমা বেগমকে বিয়ে করেন।
ফারুক গত সাড়ে সাত বছর ধরে সৌদি আরব আছেন। এক সপ্তাহ আগে দেশে আসেন।
ফারুক সৌদি আরব অবস্থান করায় তার স্ত্রী আসমা বাবার বাড়িতে থাকতেন। ওই বাড়ি থেকে চাকরি করতেন আমতলী উপজেলার ডালাচারা গ্রামের নূরে আলম।
আসমা ও নূরে আলমের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় অভিযাগ করা হয়।
মামলায় আরো অভিযোগ করা হয়, হত্যার পরিকল্পনাকারীরা রোববার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিলে ফারুক, তার বাবা, মা ও সোলেমান গাজী অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় ফারুক ফরাজীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এরপর ফারুকের স্ত্রী ডাকাত বলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ফারুকের লাশ দেখতে পায়।
সৌদি আরব থেকে ফারুকের পাঠানো টাকা আত্মসাৎ ও স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
ফারুক ও আসমার সাত বছরের একটি মেয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.
bdnews24