ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার ঘোষিত পর্যটন অঞ্চলে জমি কেনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন পর্যটন সচিব শফিক আলম মেহেদি।
তিনি বলেন, ভূমিদস্যুদের খপ্পরে পড়ে কেউ যেন এই কাজটি না করে।
সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে পর্যটন সচিব এই আহ্বান জানান।
তিনি বলেন, দেশের পর্যটন এলাকা রক্ষাসহ এই খাতকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন বোর্ড আইন প্রণয়ন করা হয়েছে।
পর্যটন এলাকায় অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে তুললে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এই আইনে।
ইতোমধ্যে কক্সবাজার ও কুয়াকাটা পর্যটন এলাকায় অবৈধভাবে যারা স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান সচিব।
দেশের সব হোটেলের তালিকা তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব হোটেলকে একটি নীতিমালার আওতায় আনা হবে। কোনো হোটেল ইচ্ছা করলেই যেন ট্যুরিজমবান্ধব বলে পরিচয় না দিতে পারে।
'পর্যটন আইনের সংস্কার, বাস্তবায়ন ও করণীয়' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজক পর্যটন ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি সোসাইটি।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান।
সৈয়দ হাসান বলেন, দেশের পর্যটন শিল্প বিকশিত হচ্ছে নতুন ঢং ও রঙে। বিকাশমান এই শিল্প রক্ষায় নতুন আইন হলেও তাতে কিছু অসঙ্গতি রয়ে গেছে।
নতুন আইনে ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবস্থান কি হবে তা স্পষ্ট করা হয়নি।
শোনা যাচ্ছে এ প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হতে পারে কিন্তু এটা করা ঠিক হবে না, বলেন সৈয়দ হাসান।
এ ব্যাপারে পর্যটন সচিব বলেন, কোনো আইনই ত্র"টিমুক্ত নয়। সময় ও যুগের প্রয়োজনে তা পরিবর্তন ও পরিমার্জন করা হয়। এ আইনে সে রকম কিছু থাকলে তা সংশোধন করা হবে।
এ ব্যাপারে মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট মতামত পাঠানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে আরো বক্তব্য রাখেন- প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এ আর খান, দি বেঙ্গল ট্যুরসের পরিচালক সৈয়দ মাসুদুর রহমান, এনআরবি সোসাইটির সম্পাদক এবিএম ইকবাল হোসেন, ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সহ-সভাপতি তৌফিক রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24