বাগেরহাট, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে সুন্দরবনের পাঁচ বনদস্যুকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের আদালত।
সোমবার দুপুরে বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের ইছাহাক শেখ (৫০), একই এলাকার মনির সরদার (৩০), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি গ্রামের মনির হাওলাদার (২২) ও সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের মো. আকরাম গাজী (৪০) এবং বরগুনার শর্শাতলা গ্রামের শহীদ খন্দকার (৩৫)।
এদের মধ্যে মনির হাওলাদার ছাড়া সবাই পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ২২ আগস্ট সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর চান্দেশ্বর ও কাতলেশ্বর খাল এলাকা থেকে বনরক্ষীরা মাছ ধরার একটি ট্রলার, দুটি পাইপগান, অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম ও নয়টি গুলিসহ ওই পাঁচ বনদস্যুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন কর্মকর্তা খান হাফিজুর রহমান ওই দিনই আটককৃতদের বিরুদ্ধে শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭৪৪ ঘ.
bdnews24